মেজর (অব.) আখতারুজ্জামানের মুক্তি দাবিতে কটিয়াদীতে জামায়াতের বিক্ষোভ
৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৭
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের প্রতিবাদ এবং তার নিঃশর্ত মুক্তি দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
গত ৪ অক্টোবর রোববার বিকেল ৫টার দিকে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর মো. সাইদুল হক বিএসসি, সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা যুব বিভাগের সভাপতি আলী কাওছার রনি, কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাসান আল মামুন, আফজাল হোসেন জুয়েলসহ বিভিন্ন ইউনিয়নের নেতারা।
বক্তারা বলেন, আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনায় জামায়াতের নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। দ্রুত মুক্তি দেওয়া না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়।