হাটহাজারীর পাহাড়ি মাটিতে তরমুজের স্বপ্ন কৃষকের
৯ অক্টোবর ২০২৬ ১৮:৪৫
মো. একরামুল হক, হাটহাজারী : পাহাড়ি জমি মানেই শুধু পাহাড়ি ফসল এ ধারণাকে বদলে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে হাটহাজারীতে। আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও মালচিং পদ্ধতি ব্যবহার করে পাহাড়ি জমিতে হাইব্রিড উন্নত জাতের তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা কেএম সাজ্জাদ। সবুজ লতার ফাঁকে ফাঁকে ঝুলছে একেকটি পরিপক্ব তরমুজ। কোনোটি আড়াই কেজি, কোনোটি তিন কেজি কিংবা তারও বেশি।
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম চারিয়া এলাকায় আর্মি ফিল্ড ফায়ারিং রেঞ্জের দক্ষিণ পাশে গড়ে উঠেছে ব্যতিক্রমী এ তরমুজের ক্ষেত। পাহাড়ি এলাকার জমিতে এমন বাণিজ্যিক তরমুজ চাষ স্থানীয়দের মধ্যেও কৌতূহল সৃষ্টি করেছে। অনেকেই ক্ষেত দেখতে এসে আধুনিক পদ্ধতিতে তরমুজ চাষের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন।
তরুণ উদ্যোক্তা কেএম সাজ্জাদ বলেন, নতুন কিছু করার আগ্রহ থেকেই পাহাড়ি জমিতে হাইব্রিড তরমুজ চাষের উদ্যোগ নেওয়া হয়েছে। শুরু থেকেই জমি প্রস্তুত, চারা রোপণ, সার প্রয়োগ, সেচ ও পরিচর্যায় পরিকল্পিত ব্যবস্থাপনা অনুসরণ করা হয়েছে। বিশেষ করে মালচিং পেপার ব্যবহারের কারণে আগাছা নিয়ন্ত্রণ এবং মাটির আর্দ্রতা ধরে রাখা সহজ হয়েছে। এতে গাছের বৃদ্ধি ও ফলন ভালো হয়েছে।
তিনি বলেন, কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করলে পাহাড়ি এলাকায়ও ভালো ফলন সম্ভব এটি নিজের খেতের মাধ্যমে দেখাতে চেয়েছি। তরুণরা চাকরির পাশাপাশি কৃষিকে উদ্যোক্তা হওয়ার একটি সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে নিতে পারেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে আধুনিক পদ্ধতিতে কৃষি করার পরিকল্পনা রয়েছে।
হাটহাজারী উপজেলা কৃষি কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে পাহাড়ি ও উঁচু জমিতে উচ্চমূল্যের বিভিন্ন ফসল চাষের সুযোগ রয়েছে। তরমুজ চাষে মালচিং পদ্ধতি ব্যবহার করলে মাটির আর্দ্রতা ধরে রাখা ও আগাছা নিয়ন্ত্রণে সুবিধা পাওয়া যায়। তবে ভালো ফলনের জন্য উপযোগী জাত নির্বাচন, সঠিক সময়ে চারা রোপণ, সুষম সার প্রয়োগ, সেচ এবং রোগবালাই ব্যবস্থাপনার দিকে গুরুত্ব দিতে হবে।
তিনি বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করছে। স্থানীয়ভাবে সফল উদ্যোগগুলো অন্য কৃষকদেরও নতুন ফসল চাষে আগ্রহী করতে পারে।
ব্রি স্যাটেলাইট স্টেশন, চট্টগ্রামের বৈজ্ঞানিক কর্মকর্তা মোছাম্মাৎ আমিনা খাতুন বলেন, আধুনিক প্রযুক্তি ও সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে তুলনামূলক কম জমিতেও উচ্চমূল্যের ফসল উৎপাদন করা সম্ভব। তরমুজ চাষের ক্ষেত্রে উন্নত জাত নির্বাচন, জমির উপযোগিতা, সুষম সার ব্যবস্থাপনা, প্রয়োজনীয় সেচ এবং রোগবালাই নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। মালচিং পদ্ধতি মাটির আর্দ্রতা সংরক্ষণ ও আগাছা নিয়ন্ত্রণে সহায়ক হওয়ায় তরমুজ চাষে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
কৃষি সংশ্লিষ্টরা বলছেন, হাটহাজারীর পাহাড়ি ও উঁচু জমিতে প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের ফল ও সবজি চাষের সুযোগ রয়েছে। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এসব জমি কৃষকের আয়ের নতুন উৎস হয়ে উঠতে পারে। পশ্চিম চারিয়ার তরমুজের খেতটি সেই সম্ভাবনারই একটি বাস্তব উদাহরণ। তরুণ উদ্যোক্তার উদ্যোগ, আধুনিক চাষপদ্ধতি এবং কৃষি বিভাগের কারিগরি পরামর্শ একসঙ্গে কাজে লাগলে হাটহাজারীর কৃষিতে আরও নতুন ফসল ও নতুন উদ্যোক্তার পথ তৈরি হতে পারে। হাটহাজারীর পাহাড়ি মাটিতে ফলন ধরা এসব তরমুজ তাই শুধু একটি মৌসুমি ফসল নয়— এটি কৃষিতে নতুন চিন্তা, তরুণ উদ্যোক্তার স্বপ্ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদের সম্ভাবনারও প্রতিচ্ছবি।