মূল্যবৃদ্ধির জন্যই তৈরি করা হয় কৃত্রিম সংকট
৭ অক্টোবর ২০২৬ ২১:৫৫
॥ সৈয়দ খালিদ হোসেন ॥
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দফায় দফায় বাড়িয়েছে সব ধরনের জ্বালানি মূল্য। অতিপ্রয়োজনীয় বিদ্যুৎ, গ্যাস, ডিজেল, পেট্রোল, অকটেন, কেরোসিন, এলপিজি, অটোগ্যাস, জেট ফুয়েল ও ফার্নেস অয়েল— কোনোটির মূল্যই কমেনি বা স্থিতিশীল থাকেনি। বরং উল্টো হু-হু করে বেড়েছে সব জ্বালানি মূল্য। ফলে নিত্যপণ্যমূল্য, পরিবহন ব্যয় থেকে শুরু করে এর নেতিবাচক প্রভাব পড়েছে সব পণ্যের ওপর। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার আগে জ্বলানি ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষ অতিষ্ঠ ছিল। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় জ্বালানি মূল্য অনেকটা স্থিতিশীল ছিল। ওইসময় খুবই কম গুরুত্বপূর্ণ দাবি নিয়ে পরিকল্পিতভাবে প্রতিদিনই রাজপথে আন্দোলন-সংগ্রাম ছিল, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ছিল নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু পরিস্থিতি উল্টো। এখন নির্বাচিত সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার প্রায় আট মাস চলছে। কিন্তু কিছুই ঠিক হয়নি। বরং জ্বালানি সংকট ও দফায় দফায় মূল্যবৃদ্ধি হয়েছে। এতে জনগণ হয়েছে ও হচ্ছে সরকারের ওপর চরম ক্ষুব্ধ। বিশ্লেষকরা বলছেন, এই সরকারের সময় যতবার জ্বালানি মূল্য বেড়েছে, ঠিক ততবারই মূল্যবৃদ্ধির আগে সংকট দেখা গেছে। সংকটের মধ্যে যখন মূল্য বৃদ্ধি হয়েছে তখন সংকট হাওয়া হয়ে গেছে। সর্বশেষ এলপিজির মূল্যবৃদ্ধির আগে সরকারের কাছে গোয়েন্দা প্রতিবেদন ছিল দেশের এলপিজির কোনো সংকট নেই। অসাধু ও অসৎ ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করছে মৃল্যবৃদ্ধির জন্য। এ তথ্য পাওয়ার পরও সরকার কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ১২ কেজি গ্যাস সিলিন্ডারে একলাফে ২৫২ টাকা বাড়িয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
ভুক্তভোগীরা বলছেন, বিশ্ববাজারে মূল্যবৃদ্ধির অজুহাতে দেশে এলপিজি সিলিন্ডারের কৃত্রিম সংকট তৈরি করে আবারও ফায়দা লোটার অপচেষ্টায় লিপ্ত হয়েছে সিন্ডিকেট চক্র। এদিকে এলপিজির সংকট প্রকৃত নয়, বরং কৃত্রিম উল্লেখ করে গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপর্যায়ে প্রতিবেদন দিয়েছে উল্লেখ করে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে দেশের একটি প্রভাবশালী দৈনিক। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে উঠে এসেছে, চাহিদামতো আমদানি হওয়া সত্ত্বেও অনেক অপারেটর তাদের ট্যাঙ্কারে গ্যাস মজুদ করে রেখেছে বা সাগরে জাহাজ ভাসিয়ে রেখে বাজারে জোগান কমিয়ে দিয়েছে। ওই প্রতিবেদন প্রকাশের পরপরই এলপিজির ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে দিয়েছে সরকার। অথচ সিন্ডিকেট তৈরি করা দুষ্ট লোকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভোক্তারা বলছেন, ৯৮ শতাংশ এলপিজি সরবরাহের ভার যেখানে হাতেগোনা কয়েকটি বেসরকারি কোম্পানির ওপর ন্যস্ত, সেখানে এই বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য রুখতে এনার্জি রেগুলেটরি কমিশন ও জ্বালানি বিভাগকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। একইসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের ডাটা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অসাধু কারসাজিদের চিহ্নিত করে তাদের আমদানির লাইসেন্স বাতিলসহ কঠোর আইনি শাস্তির আওতায় আনতে হবে। একইসঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে আন্তর্জাতিক বাজারের দাম এবং প্রকৃত আমদানি খরচের যৌক্তিক সমন্বয় করে দাম নির্ধারণ করতে হবে— যাতে অপারেটরদের অহেতুক মুনাফার সুযোগ না থাকে এবং খুচরা বাজারে সেই নির্ধারিত দাম নিশ্চিত করতে মোবাইলকোর্ট ও তদারকি জোরদার করতে হবে।
বিদ্যুৎ
ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের সময়ে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বিদ্যুতের খুচরা মূল্য ছিল আবাসিক গ্রাহকের ৫০ ইউনিটের লাইফলাইন হার ছিল প্রতি ইউনিট ৪ টাকা ৬৩ পয়সা, ৭৫ ইউনিটে ৫ টাকা ২৬ পয়সা। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে এই খুচরা বিদ্যুতের হার বাড়ানো হয়নি। ফলে তার সরকারের সময়জুড়ে ২০২৪ সালের ফেব্রুয়ারির মূল্যই কার্যকর ছিল।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের জুনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করে। গড় খুচরা মূল্য ইউনিটপ্রতি ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা করা হয়। যায় প্রায় ১৬ দশমিক ৬৮ শতাংশ। তবে নিম্নআয়ের আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যতিক্রম ছিল ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের জন্য আগের মূল্যই ঠিক রাখা হয়েছে।
ডিজেল
ফ্যাসিস্ট হাসিনা সরকারের শেষ পর্যায়ে ২০২৪ সালের আগস্টে ডিজেলের দাম ছিল লিটারপ্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা। এরপর ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৪ সালের আগস্টের শেষ দিনে দাম আরও কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা করা হয়। ড. ইউনূস সরকারের সময়ে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয় ব্যবস্থায় ডিজেলের দাম কয়েক দফা কমবেশি হয়ে ২০২৬ সালের জানুয়ারিতে ১০২ টাকায় নেমে আসে। অর্থাৎ হাসিনার শেষ সময়ের ১০৬ টাকা ৭৫ পয়সার তুলনায় ড. ইউনূস সরকারের শেষদিকে ডিজেল ছিল ৪ টাকা ৭৫ পয়সা কম। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২০২৬ সালের জুনে ডিজেলের দাম ১১৫ টাকা করা হয়। পরে সেপ্টেম্বরের ২০ তারিখে একলাফে আরও ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। অক্টোবরেও ১৩৫ টাকা বহাল আছে। অর্থাৎ তারেক রহমান সরকারের সময়ে ডিজেল ১০২ টাকা থেকে ১১৫ টাকা, পরে ১১৫ টাকা থেকে ১৩৫ টাকা করা হয়।
কেরোসিন
ফ্যাসিস্ট হাসিনা সরকারের শেষদিকে ২০২৪ সালের আগস্টে কেরোসিনের দাম ছিল লিটারপ্রতি ১০৬ টাকা ৭৫ পয়সা। ড. ইউনূস সরকারের সময়ে দাম কমে ২০২৬ সালের জানুয়ারিতে ১১৪ টাকা ছিল। তারেক রহমান সরকারের সময়ে জুনে কেরোসিনের দাম ১৩৫ টাকা এবং সেপ্টেম্বর থেকে তা ১৫৫ টাকা করা হয়। অর্থাৎ হাসিনা সরকারের শেষ সময়ের ১০৬ টাকা ৭৫ পয়সার তুলনায় বর্তমান দাম ৪৮ টাকা ২৫ পয়সা বেশি।
পেট্রোল
গণবিরোধী হাসিনা সরকারের শেষদিকে আগস্ট ২০২৪-এ পেট্রোলের দাম ছিল লিটারপ্রতি ১২৭ টাকা। ৩১ আগস্ট ২০২৪ ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরদিন থেকে পেট্রোলের দাম ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়। ড. ইউনূস সরকারের সময়ে স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ের ফলে পেট্রোলের দাম ২০২৬ সালের জানুয়ারিতে ১১৮ টাকা পর্যন্ত নেমে আসে। অর্থাৎ ওই সময় হাসিনা সরকারের শেষ দামের চেয়ে ৯ টাকা কম ছিল। তারেক রহমান সরকারের সময়ে জুনে পেট্রোলের দাম ১৪০ টাকা এবং সেপ্টেম্বর থেকে ১৬০ টাকা করা হয়। হাসিনা সরকারের শেষ সময়ের ১২৭ টাকার তুলনায় বর্তমান পেট্রোলের দাম ৩৩ টাকা বেশি।
অকটেন
হাসিনা সরকারের শেষদিকে আগস্ট ২০২৪-এ অকটেনের দাম ছিল লিটারপ্রতি ১৩১ টাকা। ড. ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর ৩১ আগস্ট ২০২৪ থেকে তা ৬ টাকা কমে ১২৫ টাকা হয়। স্বয়ংক্রিয় মূল্য সমন্বয়ের কারণে ড. ইউনূস সরকারের শেষ পর্যায়ে ২০২৬ সালের জানুয়ারিতে অকটেনের দাম ছিল ১২২ টাকা। তারেক রহমান সরকারের সময়ে জুনে অকটেনের দাম ১৪৫ টাকা এবং সেপ্টেম্বর থেকে ১৬৫ টাকা করা হয়। অর্থাৎ হাসিনা সরকারের শেষ সময়ের ১৩১ টাকার তুলনায় বর্তমান অকটেন ৩৪ টাকা বেশি।
এলপিজি ১২ কেজির সিলিন্ডার
এলপিজির ১২ কেজির সিলিন্ডারের মূল্য বেড়েছে ব্যাপকহারে। হাসিনা সরকারের শেষ পর্যায়ে আগস্ট ২০২৪-এ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের সরকারি নির্ধারিত দাম ছিল ১ হাজার ৩৭৭ টাকা। ড. ইউনূস সরকারের সময়ে এলপিজির দাম একাধিকবার কমেছে-বেড়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৫৫ টাকা ছিল। পরে ২০২৬ সালের জানুয়ারিতে তা কমে ১ হাজার ৩০৬ টাকায় নেমে যায়। অর্থাগ হাসিনার শেষ সময়ের চাইতে ইউনূসের শেষ সময় মূল্য কম ছিল ৬১ টাকা। তারেক রহমান সরকার দায়িত্ব নেওয়ার পর ফেব্রুয়ারিতে দাম ৫০ টাকা বেড়ে ১ হাজার ৩৫৬ টাকা হয়; ফেব্রুয়ারির শেষ দিকে তা ১৫ টাকা কমে ১ হাজার ৩৪১ টাকা হয়। মার্চে একই দাম বহাল থাকে। এপ্রিলে দাম একলাফে ১ হাজার ৭২৮ টাকা এবং পরে এপ্রিলেই আবার ২১২ টাকা বেড়ে ১ হাজার ৯৪০ টাকা হয়। জুনে ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা, জুলাইয়ে ৩৫৭ টাকা কমে ১ হাজার ৫২৮ টাকা, আগস্টে ৭০ টাকা বেড়ে ১ হাজার ৫৯৮ টাকা এবং সেপ্টেম্বরে ১৩ টাকা কমে ১ হাজার ৫৮৫ টাকা হয়। অক্টোবর মাসে আবার ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা করা হয়েছে। অর্থাৎ ইউনূসের শেষ সময়ে চেয়ে এখন কিনতে হচ্ছে ১২ কেজিতে ৫৩১ টাকা বেশি দিয়ে।
অটোগ্যাস
ড. ইউনূস সরকারের শেষদিকে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অটোগ্যাসের দাম ছিল লিটারপ্রতি ৬২ টাকা ১৪ পয়সা। তারেক রহমান সরকারের সময়ে অটোগ্যাসও আন্তর্জাতিক বাজারের সঙ্গে নিয়মিত সমন্বয় হয়েছে। গত ৪ অক্টোবর অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৭৩ টাকা ৯ পয়সা থেকে বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। অর্থাৎ ইউনূসের আমল থেকে নতুন সরকারের আমলে লিটারপ্রতি বেবি গুণতে হচ্ছে ২২ টাকা ৪৮ পয়সা।
জেট এ-১ বা বিমানের জ্বালানি
২০২৬ সালের জানুয়ারিতে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১-এর দাম ছিল ৯৪ টাকা ৯৩ পয়সা। তারেক রহমান সরকারের সময়ে আন্তর্জাতিক বাজারে বড় ধরনের অস্থিরতার পর মে মাসে দাম ২০৫ টাকা ৪৫ পয়সা পর্যন্ত ওঠে, মে মাসের শেষ দিকে আবার ১৬৫ টাকা ৮৮ পয়সা করা হয়। আগস্টে তা ১৫৯ টাকা ৫২ পয়সা এবং সেপ্টেম্বরে আবার বেড়ে ১৬৫ টাকা ৬৫ পয়সা হয়।
ফার্নেস অয়েল
ফার্নেস অয়েলের ক্ষেত্রেও ২০২৪ সালের আগস্টের পর মূল্য নির্ধারণের পদ্ধতিতে বড় পরিবর্তন আসে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের সেপ্টেম্বরে ফার্নেস অয়েল ও জেট এ-১-এর মূল্য নির্ধারণের এখতিয়ার বিইআরসির হাতে দেয়। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে বিইআরসি প্রথমবার নতুন কাঠামোয় ফার্নেস অয়েলের দাম নির্ধারণ করে লিটারপ্রতি ৭০ টাকা ১০ পয়সা। তারেক রহমান সরকারের সময়ে ফার্নেস অয়েলের দাম মে মাসে ৯৪ টাকা ৬৯ পয়সা থেকে ১১৩ টাকা ৫৪ পয়সা হয়, জুনে কমে ১০৯ টাকা ১০ পয়সা, জুলাইয়ে ১০০ টাকা ৩৯ পয়সা এবং সেপ্টেম্বরের শেষ দিকে ৯৬ টাকা ৮৬ পয়সা থেকে আবার ১১ টাকা ৯২ পয়সা বেড়ে ১০৮ টাকা ৭৮ পয়সা হয়েছে। অর্থাৎ তারেক রহমান সরকারের শুরুতে ফেব্রুয়ারির ৭০ টাকা ১০ পয়সার দর থেকে বর্তমান ১০৮ টাকা ৭৮ পয়সায় ৩৮ টাকা ৬৮ পয়সা বা প্রায় ৫৫ শতাংশ বৃদ্ধি হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশিষ্ট ফেলো মোস্তাফিজুর রহমান মনে করেন, সরকার জ্বালানি মূল্যবৃদ্ধির কারণে অর্থনীতির ওপর একটি মারাত্মক প্রভাব ফেলবে, যা হবে প্রতিকূল। এর তাৎক্ষণিক প্রভাব পড়বে সরাসরি জ্বালানি ক্রেতাদের ওপর। কারণ তারা বর্ধিত মূল্যে জ্বালানি কিনতে হবে। এর প্রভাব ক্রমান্বয়ে নিচের দিকে ছড়িয়ে পড়বে। জ্বালানিকে অন্যান্য পণ্যের দামের সূচক হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয়, তাই এর প্রভাব প্রাথমিক মূল্যবৃদ্ধির চেয়েও অনেক বেশি সুদূরপ্রসারী। জ্বালানি মূল্য বাড়ানোয় পরিবহন খরচ বাড়ে এবং তার সাথে অন্যান্য বিভিন্ন খরচও বাড়ে। উৎপাদকদের তাদের কার্যক্রমে জ্বালানির খরচ বাড়বে, যা বর্ধিত পরিবহন ব্যয়ের কারণে আরও জটিল হবে। কৃষিক্ষেত্রে কৃষকদের খরচও বাড়বে, যা বৃহত্তর অর্থনীতিতে ধারাবাহিক নেতিবাচক প্রভাব ফেলবে। সেপ্টেম্বরের শেষ দিকে ডিজেলসহ সব ধরনের জ্বালানি মূল্য বাড়ে। ফলে বাস ও লঞ্চ ভাড়াও বাড়ানো হয়। এখন এলপিজির মূল্য বাড়লো। এতে করে মানুষের জীবনযাপন ব্যয় অনেক বেড়ে যাচ্ছে।
সম্প্রতি আয়োজিত ‘বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও রূপান্তর’ শীর্ষক সেমিনারে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী বলেন, গ্যাস সংকটের কারণে ব্যাংকের শিল্প খাতে প্রায় ৭,০০০-৮,০০০ কোটি টাকার ঋণ আটকে গেছে। তিনি সতর্ক করে বলেন, এই সংকট শেষ পর্যন্ত ব্যাংকিং খাতেও ছড়িয়ে পড়তে পারে। মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোস্তফা কামাল বলেন, গ্যাস সংকট এবং প্রশাসনিক প্রতিবন্ধকতা নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে এবং বিদ্যমান শিল্পগুলোকে হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, সরকার ব্যবসা করার সহজতা বাড়ানোর কথা বললেও উদ্যোক্তারা গ্যাস সংযোগ, নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন এবং অবকাঠামোগত সহায়তা পেতে ক্রমাগত সংগ্রাম করছেন, পাশাপাশি তাদের বিদেশি ঋণদাতাদের শর্তও পূরণ করতে হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞ এম তামিম বলেন, সরকারের উচিত পূর্ণ জ্বালানি স্বাধীনতার লক্ষ্য না রেখে একটি বৈচিত্র্যময় জ্বালানি মিশ্রণের দিকে অগ্রসর হওয়া। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য হওয়া উচিত নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে আমদানির ওপর আমাদের মারাত্মক নির্ভরতা কমানো। সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারলে সমস্যা অনেকাংশে কেটে যাবে বলেও মনে করেন তিনি।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, জ্বালানির দাম বাড়ানোর ফলে অর্থনীতিতে বহুমুখী চাপ সৃষ্টি হবে। তিনি বলেন, জ্বালানির দাম বাড়লে তার বহুমুখী প্রভাব পড়ে। এটি কৃষি ও পরিবহনের ওপর প্রভাব ফেলে এবং এরপর শিল্প ও কারখানার ওপরও প্রভাব বিস্তার করে। তিনি বলেন, ২০ টাকা দাম বাড়ানোটা অনেক বড় একটি বিষয় ভাবুন তো, শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে বাসের খরচ কতটা বাড়বে এবং তার ফলে ভাড়ার ওপর কী প্রভাব পড়বে। তিনি বলেন, এভাবে দফায় দফায় সব ধরনের জ্বালানির দাম না বাড়িয়ে সরকারকে আরও সুচিন্তিত ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মো. দীন ইসলাম বলেন, জ্বালানির বৃদ্ধির ফলে সামগ্রিক অর্থনীতিতে উৎপাদন, বিপণন ও ঋণ গ্রহণের খরচ বেড়ে যায়। তিনি বলেন, বিপণনের খরচ বাড়লে পণ্য ও সেবার দাম বাড়ে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ মনে করেন, পূর্ব কোনো আলোচনা ছাড়াই জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। তেলের দাম কেন বাড়াতে হবে? বিশ্ববাজারে কি হঠাৎ করে এর দাম বেড়ে গিয়েছিল? তিনি প্রশ্ন রাখেন। তিনি বলেন, ভোক্তাদের ওপর বোঝা চাপানোর পরিবর্তে সরকার জ্বালানি তেলের ওপর আরোপিত কর ও মাশুল কমাতে পারত। তিনি বলেন, সরকারের রাজস্ব পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়েছে, আর সে কারণেই তারা সহজ পথটি বেছে নিচ্ছে।