হাটহাজারীতে বোয়ালিয়া খালে বর্জ্য, দূষণের ঝুঁকিতে হালদা
২৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৭
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : হাটহাজারীর দক্ষিণ মাদার্শা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খালে নিয়মিত বর্জ্য-আবর্জনা ও প্লাস্টিক-পলিথিন ফেলা হচ্ছে। এতে খালের পানি ও পরিবেশ দূষিত হচ্ছে। খালটি হালদা নদীর সঙ্গে সংযুক্ত হওয়ায় এসব বর্জ্য পানির স্রোতে হালদায় গিয়ে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, খালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ও প্লাস্টিক-পলিথিন জমে থাকায় পরিবেশ দূষিত হচ্ছে। বর্ষা ও জোয়ারের সময় এসব বর্জ্য খালের পানির সঙ্গে হালদা নদীতে চলে যেতে পারে। এতে হালদার পানি ও জলজ জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে হাটহাজারী সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী বলেন, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী পানিতে বিষ প্রয়োগ, পানি দূষিত করা, কলকারখানার বর্জ্য পদার্থ নিক্ষেপ বা অন্য কোনোভাবে মৎস্য ধ্বংস করা নিষিদ্ধ। এসব কাজ আইনত দণ্ডনীয় অপরাধ।
তিনি আরও বলেন, হালদা নদীর সঙ্গে সংযুক্ত খালগুলোয় বর্জ্য ফেলার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। খাল ও নদীর পানি দূষিত হলে মাছসহ অন্যান্য জলজ প্রাণীর ক্ষতি হতে পারে।
স্থানীয় বাসিন্দারা বোয়ালিয়া খালটি দ্রুত পরিষ্কার করা, বর্জ্য ফেলা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নিয়মিত নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। একইসঙ্গে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন তারা।
হালদা নদীর স্বাভাবিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় খালকে দূষণমুক্ত রাখা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।