আমি একা না
৬ সেপ্টেম্বর ২০২৬ ১০:৩৯
বাশার আনাম : সকাল সকাল মানুষজনের হইচইয়ের কারণে ঘুম ভেঙে গেল রিফাতের। ঘুম থেকে উঠে রিফাত তার মাকে বলছে, মা, ঐ মাঠে এত মানুষ কেন?
মা বলল, ঐখানে পুলিশ এসেছে, খবরদার ঐ দিকে যাবি না। তা না হলে পুলিশ তোকেও ধরে নিয়ে যাবে। রিফাত তার মায়ের কাছে এমন কথা শুনে ভয় পেয়ে গেল এবং সঙ্গে সঙ্গে তার মায়ের কোলে উঠে পড়ল। রিফাতের ধারণা, তার মায়ের কোলে উঠতে পারলে পুলিশ আর তাকে ধরতে পারবে না। রিফাত তার মায়ের কোলে ওঠার পর বায়না ধরে, সে ঐ মাঠে যাবে। রিফাত হাতের আঙুল দিয়ে পুলিশকে দেখিয়ে বলে, মা, আমাকে ঐখানে নিয়ে যাও। রিফাতের মা ভাবলো তার ছেলে যেন ঐদিকে না যায়; তার জন্য অনেক ভয় দেখালো, তবুও সে ঐখানে যেতে চাচ্ছে। আবারও রিফাতের মা বলল, কী করছিস তুই? আঙুল দিয়ে পুলিশকে দেখানো যাবে না। পুলিশরা বুঝতে পারলে ওরা ঐখান থেকে তোকে গুলি করবে। এই কথা শুনে রিফাত এবার সত্যি সত্যি ভয় পেল এবং মনে মনে সে ভাবতে লাগলো এতক্ষণ যে সে আঙুল দিয়ে পুলিশকে তার মাকে দেখালো। যদি পুলিশরা বুঝতে পারে, তাহলে তারা যেকোনো সময় ওখান থেকে গুলি করতে পারে। তাই রিফাত তার মাকে বলল, চলো মা আমরা ঘরের ভেতরে যাবো।
কেন ঘরে যাবো?
ওরা যদি ঐখান থেকে গুলি করে, তাহলে তো মরে যাবো।
ওরে আমার বাপধন, আমি আছি না, তোকে কেউ মারতে পারবে না। তাহলে চলো মা ঐখানে যায়। তুই একাই যা, আমার কাজ আছে। একা গেলে যদি আবার পুলিশ আমাকে গুলি করে।
কিছুই হবে না, তুই যাবি আর মনে মনে ভাববি আমি একা না— আমার সাথে আমার মা আছে। রিফাত তার মায়ের কথা শুনে মনে সাহস পায় এবং এক দৌড়ে সে ঐ মাঠে চলে যায়।