ডেঙ্গু-হামে ভয়াবহ চিত্র, হাসপাতালে বাড়ছে রোগীর চাপ
২৫ আগস্ট ২০২৬ ২২:০৮
ডেঙ্গুতে ৮২ ও হামে প্রাণহানি ৯৩৩
স্টাফ রিপোর্টার : ‘একটি মৃত্যু মানেই একটি পরিবারের স্বপ্ন থেমে যাওয়া’। ডেঙ্গু ও হামের পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার পেছনে রয়েছে এমনই একেকটি পরিবারের স্বপ্ন থেমে যাওয়ার গল্প। প্রতিদিনই বাবা-মায়ের কোলেই প্রাণ হারাচ্ছে ফুটফুটে বাচ্চারা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ার সঙ্গে হাসপাতালগুলোয় বাড়ছে চিকিৎসার চাপ। আর পরিস্থিতির যে উন্নতি নেই, তা জানান দিচ্ছে মৃত্যুর সংখ্যা। এছাড়া প্রতিদিনই আক্রান্ত হচ্ছে শত-সহস্র শিশু। গত ২৩ আগস্ট রোববার সরকারের দেওয়া তথ্য বলছে, ২৪ ঘণ্টায় (২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে পাঁচজন এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮৩৯ জন এবং হামে নতুন করে আক্রান্ত হয়েছে ১৩১ শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৯৭ জন।
ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯
গত ২২ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা মহানগরসহ ঢাকা বিভাগে চারজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে দেশে ডেঙ্গুতে মোট ৮২ জন মারা গেছেন। ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ৮৩৯ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে ২৮ হাজার ৯২৯ জনের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৯৫১ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। আক্রান্ত ২৮ হাজার ৯২৯ জন আর মৃত্যুর সংখ্যা ৮২ এই পরিসংখ্যানের প্রতিটি সংখ্যার সঙ্গেই জড়িয়ে আছে অসুস্থতা, অপেক্ষা আর স্বজনদের উদ্বেগ। প্রতিদিন হাসপাতালে ভর্তি হওয়া ৮৩৯ জনের পরিবারের সামনে এখন একটাই আকুতি- প্রিয় মানুষটি যেন সুস্থ হয়ে বাড়ি ফেরেন।
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৩৩
দেশে ২২ আগস্ট সকাল ৮টা থেকে ২৩ আগস্ট সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৩৩ জনে। ২৩ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩১ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭ জন। এ সময়ে ১ হাজার ২৬ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে এবং ৮২৪ জন ছাড়পত্র পেয়েছে।
একদিকে হাসপাতাল থেকে ৮২৪ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরছে; অন্যদিকে নতুন করে মৃত্যুর খবর আসছে এই দুই বাস্তবতার মাঝেই চলছে অসুস্থ শিশুদের চিকিৎসা। প্রতিটি শিশুকে ঘিরে স্বজনদের অপেক্ষা যেন একই প্রশ্নে আটকে আছে- ‘শিশুটি কি সুস্থ হয়ে আবার ঘরে ফিরবে?’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গে ৮৩৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৯ শিশু। এছাড়া সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৫০৩ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ৪০৪। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৩০ হাজার ৬০৯ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৫ হাজার ৯৭৫ জন ছাড়পত্র পেয়েছে।
হাম ও ডেঙ্গুর এই হিসাব শুধু সংখ্যা নয়; প্রতিটি আক্রান্ত রোগীর সঙ্গে জড়িয়ে আছে স্বজনদের উৎকণ্ঠা, আর প্রতিটি মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের অপূরণীয় শূন্যতা।