রুকন ও দায়িত্বশীলদের আদর্শিক দৃষ্টান্ত স্থাপন করতে হবে -এটিএম মা’ছুম


৬ আগস্ট ২০২৬ ১১:২৩

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, বর্তমান সময়ে জামায়াতে ইসলামীর রুকন ও দায়িত্বশীলদের নৈতিক চরিত্র, জ্ঞানচর্চা ও আদর্শিক উৎকর্ষের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সংগঠনের প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা, দায়িত্বশীলতা ও আনুগত্য বজায় রেখে আখিরাতমুখী জীবন গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
গত ৩১ জুলাই শুক্রবার বান্দরবান জেলা জামায়াতের রুকন ও দায়িত্বশীলদের নিয়ে দুদিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম মা’ছুম বলেন, নবী-রাসূল (আ.) ও সাহাবায়ে কেরাম (রা.) বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ঈমানের দৃঢ়তার পরিচয় দিয়েছেন। একইভাবে বর্তমান সময়েও ইসলামী আন্দোলনের কর্মীদের নানা ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হবে। এসব পরিস্থিতিতে ধৈর্য, ঈমান ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।
জেলা জামায়াতের আমীর মাওলানা এস এম আব্দুস সালাম আজাদের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল আউয়ালের সঞ্চালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহাজাহান, চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক জাফর সাদেক, মাওলানা মোস্তাফিজুর রহমান, অধ্যাপক নুরুল আমিন, কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা নুর আহমদ আনোয়ারী, চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং ইসলামী চিন্তাবিদ অধ্যাপক ড. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবুল কালাম, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা তাজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফারুক আহমদ, জেলা কর্মপরিষদের সদস্যরা।