ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ও আগামী ডিএনসিসি নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- মোহাম্মদ সেলিম উদ্দিন
২২ জুলাই ২০২৬ ১১:৩৮
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর এবং ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছে, দেশে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা এবং মানবিক মর্যাদা সম্পন্ন সমাজ গঠনে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। দুর্নীতি, অন্যায় ও অবিচার দূর করতে তরুণ প্রজন্মসহ সমাজের সকল শ্রেণী- পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার ২১ জুলাই কল্যাণপুর গার্লস স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মিরপুর দক্ষিণ থানা জামায়াতের মতবিনিময় ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেলিম উদ্দিন বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জনসংখ্যা দ্রুত বাড়ছে। এর ফলে যানজট ও জলাবদ্ধতা নগরবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যাগুলো সমাধানে পরিকল্পিত নগরায়ন ও জনগণের সম্পৃক্ততা প্রয়োজন।”
মিরপুর দক্ষিণ থানা আমীর ও মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য এডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি রাকিবুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর ১১ নম্বর ওয়ার্ডের মনোনীত কমিশনার প্রার্থী কামরুল আহছান মুরাদ।
বক্তারা দেশের চলমান সংকট উত্তরণে ইসলামী মূল্যবোধের আলোকে সমাজ গঠন এবং মানুষের কল্যাণে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন এর পক্ষে জনমত গঠনের জন্য সকলে ঐক্যমত পোষণ করেন।