সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন জমির উদ্দিন সরকার
১৬ জুলাই ২০২৬ ১০:১৭
স্টাফ রিপোর্টার : রাজধানীতে দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে সমাহিত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। ধানমন্ডি ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক এই স্পিকারের দুই দফা জানাজা শেষে সংসদ ভবন চত্বরে দাফন সস্পন্ন হয়। গত রোববার (১২ জুলাই) বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজায় অংশগ্রহণ করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, বিএনপি মহাসচিব এবং এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি ও মন্ত্রিসভার সদস্যসহ দলের শীর্ষনেতারা। জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও বিরোধীদলের কয়েকজন সংসদ সদস্য জানাজায় অংশগ্রহণ করেন। এছাড়া অন্য রাজনৈতিক নেতারাও শরিক হন।
এর আগে জোহরের নামাজের পর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা হয়। এতে অংশ নেন আত্মীয়-স্বজন, সুপ্রিম কোর্টের আইনজীবী ও স্থানীয় মানুষ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তার লাশ গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, গত ১২ জুলাই রোববার ভোরে রাজধানীর শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে বেশকিছু দিন ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন।