নিরলসভাবে কাজ করতে হবে -এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল
১৫ জুলাই ২০২৬ ১৩:৪৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসেন হেলাল বলেছেন, একটি সুন্দর পরিকল্পনা ইসলামী আন্দোলনের সফলতার অন্যতম পূর্বশর্ত। সুপরিকল্পিত কর্মপ্রচেষ্টা, সাংগঠনিক শৃঙ্খলা এবং আদর্শিক দৃঢ়তার মাধ্যমেই একটি আন্দোলন তার কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়।
তিনি বলেন, ইসলামী আন্দোলন কোনো আবেগনির্ভর কার্যক্রম নয়; বরং এটি একটি সুসংগঠিত আদর্শিক আন্দোলন। তাই প্রতিটি পর্যায়ের দায়িত্বশীলদের সময়োপযোগী পরিকল্পনা গ্রহণ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। গত ১০ জুলাই শুক্রবার সকালে ঢাকা জেলা জামায়াতের ইউনিয়ন আমীর, সেক্রেটারি ও পৌরসভার ওয়ার্ড আমীর, সভাপতি ও সেক্রেটারির দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।
এডভোকেট মুয়াযযম হোসেন আরও বলেন, বর্তমান সময়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কাজ জোরদার করা জরুরি এবং সমাজের সর্বস্তরের জনগণের কাছে ইসলামের সুমহান আদর্শ পৌঁছে দিতে হবে। এজন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জনসম্পৃক্ততা বাড়ানো এবং দক্ষ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ, নিয়মিত পর্যালোচনা এবং পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, কুরআনের শিক্ষা অনুযায়ী ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। ব্যক্তি গঠন, সমাজ সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সকলকে আন্তরিকভাবে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক ঢাকা-১২ আসনের এমপি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, দাওয়াতি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে ভোটার ও নির্বাচনী কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি এবং তাদের আদর্শিক ও সাংগঠনিকভাবে সম্পৃক্ত করতে হবে।
তিনি বলেন, নির্বাচনের সময় যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সময়েও ধারাবাহিক সম্পর্ক বজায় রাখতে হবে। নিয়মিত খোঁজখবর নেওয়া, সৌজন্য সাক্ষাৎ, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ইসলামী আদর্শ সম্পর্কে আলোচনা এবং বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করলে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট মো. মসিউল আলম এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ফরিদপুর-১ আসনের এমপি অধ্যাপক ড. ইলিয়াস মোল্লা এবং জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম। কুরআন থেকে দারস পেশ করেন ঢাকা মহানগরী দক্ষিণ ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন।
সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন ও উপাধ্যক্ষ মাওলানা শাহাদাত হোসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি ও জামায়াত মনোনীত সাভার পৌরসভার মেয়র প্রার্থী হাসান মাহবুব মাস্টার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।