লাখো মানুষের সমাগমের প্রস্তুতি
১৫ জুলাই ২০২৬ ১৩:৪৫
বরিশাল সংবাদদাতা : বিরোধীদলীয় নেতা হিসেবে প্রথমবারের মতো বরিশাল সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামী ১৮ জুলাই শনিবার বরিশাল কেন্দ্রীয় হেমায়েত উদ্দিন ঈদগাহে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত হবে বরিশাল বিভাগীয় জনসমাবেশে।
আমীরে জামায়াতের বরিশাল সফর ও ১১ দলের বিভাগীয় সমাবেশ উপলক্ষে বরিশালে শহরে সাজ সাজ রব বিরাজ করছে। শহরের প্রবেশ মুখ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকগুলোয় তোরণ, ফেস্টুন ও বিলবোর্ডে ছেয়ে গেছে এবং সব জায়গায় উৎসবের আমেজ লক্ষ করা যাচ্ছে। গত ১৩ জুলাই প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের পরই বিরোধীদলীয় নেতার বরিশাল সফর হওয়ায় ১৮ তারিখের সমাবেশ আলাদা গুরুত্ব পেয়েছে। পর পর দুই নেতার সফরের মাধ্যমে দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত বরিশাল বিভাগের মানুষ আশায় বুক বাধছে। দলীয় ও জোট প্রধানকে স্বাগত জানাতে দিয়েছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতারা। বিভাগের সকল জেলা ও উপজেলা থেকে হাজার হাজার নেতাকর্মী বরিশালে আসার প্রস্তুতি দিয়েছে।
সমাবেশ বাস্তবায়ন ও নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিতে কেন্দ্রীয়, মহানগরী ও জেলা নেতাদের সমন্বয়ে সাংগঠনিক টিম প্রস্তুত করে শাখাভিত্তিক সফর করে নেতাকর্মীদের উৎসাহিত করা হয়েছে এবং ইউনিয়নসমূহ থেকে নেতাকর্মীদের বরিশালে নিয়ে আসার জন্য নেতাদের উপস্থিতিতে দফায় দফায় প্রস্তুতি বৈঠক সম্পন্ন হয়েছে।
সমাবেশের প্রস্তুতি সম্পর্কে জানতে তাইলে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সমাবেশের সভাপতি এডভোকেট মুয়াযয্ম হোসাইন হেলাল বলেন, সমাবেশের সামগ্রিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকল জেলা উপজেলা থেকে যেটা কর্মী আসার জন্য লঞ্চ এবং বাস ভাড়া করা হয়েছে, যদিও বাসের কিছুটা সংকট দেখা যাচ্ছে তারপরেও নেতাকর্মীরা বিভিন্ন উপায়ে যানবাহন ম্যানেজ করে যথা সময় সমাবেশে স্থলে হাজির হবে বলে আশা প্রকাশ করেন। বরিশাল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিভিন্ন জেলা থেকে আগত পরিবহনগুলো রাখার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং নৌপথে আসা নেতা কর্মীদের জন্য লঞ্চে ওঠানামা করার জন্য নদীবন্দরে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমাবেশ আগত নেতাকর্মীদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ১১ দলীয় জোটের নেতাদের সাথেও একাধিক বার প্রস্তুতি সভা হয়েছে প্রোগ্রাম বাস্তবায়নে আমাদের প্রস্তুতির সকল কাজ সম্পন্ন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মু. বাবর বলেন, জুলাই সনদ বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং যোগাযোগ ব্যাবস্থার উন্নয়নসহ অবহেলিত দক্ষিণাঞ্চলের উন্নয়নের ১১ দলীয় ঐক্য ঘোষিত ১৮ জুলাই সমাবেশের কার্যক্রম এগিয়ে চলছে। আমরা ইতোমধ্যেই বরিশাল সিটি করপোরেশন থেকে মাঠের অনুমতি নিয়েছি। মাইকিং, পোস্টার লিফলেট বিতরণ ও সমাবেশ স্থল সজ্জিত করার কাজ চলমান রয়েছে।