দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয় : বিরোধীদলীয় নেতা
৮ জুলাই ২০২৬ ১৯:২৬
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশ আমাদের সবার। এক ইঞ্চি জায়গা কেন, একটি বালুকণার ওপরও কাউকে পা রাখতে দেব না।
গত ৩ জুলাই শুক্রবার সকালে নেত্রকোণা জেলা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে সংসদে আলোচনার জন্য নোটিশ দেওয়া হলেও সরকার তা গ্রহণ করেনি। সীমান্ত ইস্যুতে সংসদ থেকে একটি ঐক্যবদ্ধ বার্তা বিশ্ববাসীর কাছে পৌঁছানো প্রয়োজন, যাতে স্পষ্ট হয়- দেশের সার্বভৌমত্বের প্রশ্নে পুরো জাতি ঐক্যবদ্ধ। প্রয়োজনে সীমান্তে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও বুকভরা দেশপ্রেম নিয়ে দাঁড়াবে। বিজিবির হাতে থাকবে অস্ত্র, আর জনগণের হাতে থাকবে দেশপ্রেম। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না।
আমীরে জামায়াত বলেন, বন্ধুত্বের দাবি করে কোনো দেশ অন্য দেশের মানুষের ওপর নিপীড়ন চালাতে পারে না। প্রকৃত বন্ধুত্ব পারস্পরিক শ্রদ্ধা ও দায়িত্বশীল আচরণের ওপর প্রতিষ্ঠিত। কেউ সেই দায়িত্ব পালন না করলে দেশের স্বার্থ রক্ষায় জনগণও নীরব থাকবে না।
নেত্রকোণার শিল্প সম্ভাবনার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, প্রবাল, সিলিকা বালু, কৃষিভিত্তিক পণ্য ও মৎস্যসম্পদকে কেন্দ্র করে এ জেলায় শিল্পায়নের ব্যাপক সুযোগ রয়েছে। তবে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে দুর্নীতি, ঘুষ, কমিশন বাণিজ্য, আমলাতান্ত্রিক জটিলতা ও লাল ফিতার দৌরাত্ম্য দূর করতে হবে। তাহলেই দেশি-বিদেশি উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।
নেত্রকোণা জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমেদ হারিছের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এবং প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, সহকারী সেক্রেটারি ও নেত্রকোণা-৫ আসনের সংসদ সদস্য মাসুম মোস্তফাসহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে ডা. শফিকুর রহমান নেত্রকোণা জেলা জামায়াতের ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। জেলা জামায়াতের আমীর মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি বদরুল আমীন ও জেলা সহকারী সেক্রেটারি জহিরুল ইসলামের যৌথ পরিচালনায় আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে সাত শতাধিক পুরুষ-মহিলা রুকন অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, এদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিয়েছে। আমরা আশা করি সরকার জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়ে গণভোট বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য নাজমুল হক সাঈদী, ময়মনসিংহ জেলা আমীর আব্দুল করিম, ময়মনসিংহ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি, কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যক্ষ রমজান আলী, শেরপুর জেলা আমীর মাওলানা হাফিজুর রহমান, জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার, ময়মনসিংহ মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
এছাড়া বক্তব্য দেন নেত্রকোণা জেলার সাবেক আমীর মাওলানা এনামুল হক, জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুবুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি মাসুম মোস্তফা এমপিসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রেস বিজ্ঞপ্তি।