জকিগঞ্জের মাস্টার আবদুল খালিকের জানাজা ও দাফন
৮ জুলাই ২০২৬ ১৮:৫০
বাংলাদেশ জামায়াতে ইসলামী জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক আমীর ও অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল খালিক মাস্টারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। গত ৫ জুলাই রোববার বিকাল সাড়ে ৫টায় জকিগঞ্জের থানাবাজার শাহী ঈদগাহ মাঠে জানাজা শেষে হাজারিচক জামে মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাজায় ইমামতি করেন মরহুমের ছেলে ও জামায়াতের সিলেট মহানগরীর সাবেক সেক্রেটারি সিরাজুল ইসলাম শাহীন।
জানাজাপূর্ব আগত মুসল্লিদের উদ্দেশে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন ও সাংগঠনিক জীবনের বিভিন্ন দিকের স্মৃতিময় অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, স্থানীয় সংসদ সদস্য মুফতি মুহাম্মদ আবুল হাসান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর ফখরুল ইসলাম, জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর হাফিজ আনওয়ার হোসাইন খান, অধ্যাপক আব্দুল হান্নান, জেলা সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ প্রমুখ।
মরহুম আব্দুল খালিক ১৯৪২ সালের ১০ সেপ্টেম্বর অবিভক্ত ভারতের করিমগঞ্জের ভাঙা-নাতুপুর গ্রামে ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে বয়স ছিল ৮৪। তার স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য গুণগ্রাহী-স্বজন রয়েছেন।
মাস্টার আবদুল খালিকের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। গত ৫ জুলাই এক শোকবাণীতে বলেন, মাস্টার আবদুল খালিকের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন। আল্লাহ তার কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। প্রেস বিজ্ঞপ্তি।