সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে ——ডা. শফিকুর রহমান
২ জুলাই ২০২৬ ২০:৫৩
সংসদ প্রতিবেদক : ২০২৬-২৭ অর্থবছরের সদ্য পাস হওয়া বাজেট জামায়াতে ইসলামীর তৈরি ছায়া বাজেটের কাছাকাছিই হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। গত ১ জুলাই বুধবার জাতীয় সংসদের এলডি হলে বাজেট-পরবর্তী মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় জামায়াত আমীর বাজেটে প্রান্তিক ও মুদি দোকানের অগ্রিম কর, সাইকেলের যন্ত্রাংশের করছাড়সহ বেশকিছু সেক্টরে বিরোধীদলের প্রস্তাবনা বিবেচনা করায় সরকারকে ধন্যবাদ দেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী এমপি, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদ উদ্দিন আহমাদ হানজালা।
ডা. শফিকুর রহমান বলেন, ৬১টি প্রয়োজনীয় আইটেমে কর কমানো হয়েছে, কিন্তু এতে যদি বাজারে প্রতিফলন দেখতে না পাওয়া যায়; তাতে বুঝে নিতে হবে এতে লাভবান হবে সিন্ডিকেটই। মতবিনিময় সভায় অতীতের সংসদ নির্বাচনের ইতিহাস তুলে ধরে সংসদে দায়িত্বহীন আচরণ না করার আহ্বানও জানান বিরোধীদলীয় নেতা।
তিনি আবারও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করে বলেন, এ নিয়ে আন্দোলন চলবে। জামায়াত জুলাই সনদ নিয়ে জাতির কাছে ওয়াদাবদ্ধ।
এ সময় ডা. শফিকুর রহমান আরও বলেন, জনগণ সংবিধান সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের না। দলের স্বার্থে কিংবা দলের দিকে তাকিয়ে আইন হোক, তেমনটা চাই না। সংস্কার হলে দেশে সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসবে।
বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় এ নেতা বলেন, যেমন ধারণা করা হয়েছিল এবারের বাজেট তার কাছাকাছি হয়েছে। বড় বাজেট দেওয়া অপরাধ নয়; তবে চ্যালেঞ্জ হলো বাস্তবায়নের সক্ষমতা ও দুর্নীতি। এই জায়গায় সংস্কার আনা না গেলে বাজেটের সুফল জনগণ পাবে না। বাজেটে যেসব পণ্যের দাম কমেছে, জনগণ বাজারে তার প্রতিফলন দেখতে চায়। তাহলেই প্রমাণ হবে এবারের বাজেট জনবান্ধব- এ কথাও বলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান।