জাতির সঙ্গে বেঈমানি করে বাংলাদেশে ঠাঁই হবে না : শিবির সভাপতি


২৫ জুন ২০২৬ ১০:৫২

সাতক্ষীরা সংবাদদাতা : বিভিন্ন বাহিনীতে আওয়ামী লীগের দোসররা বসে থাকায় সরকারের নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনী মানছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
তিনি বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে নিয়োগ দিয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আওয়ামী লীগের পুনর্বাসনে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।
গত ২২ জুন সোমবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নূরুল ইসলাম বলেন, যে সরকার জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তারা হাদি হত্যার বিচার, আওয়ামী লীগের বিচার, কোটা সংস্কার ও গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা না করে আত্মস্বীকৃত বেঈমানির পরিচয় দিয়েছে। তারা জাতির সঙ্গে বেঈমানি করেছে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। জনগণ সময়ের অপেক্ষায় আছে, সময়ই তাদের জবাব দেবে।
শিবির সভাপতি বলেন, সরকারি হিসাব অনুযায়ী গত ১০০ দিনে দেশে ৬০৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর বেসরকারি হিসাব বলছে এ সংখ্যা ৯১১। এসব হত্যাকাণ্ডের বিচার ও প্রতিকার নেই। সাময়িকভাবে এসব ঘটনার পেছনে বিএনপি জড়িত। তিনি বলেন, গাইবান্ধায় শিবির নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গদি টিকিয়ে রাখা সহজ হবে না।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান, শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী, শহর জামায়াতের আমীর জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ অন্য নেতারা। অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।