ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার ঘোষণা জামায়াতের

টাঙ্গাইলে গর্তে পড়া ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪ উপজাতি নাগরিক


২৫ জুন ২০২৬ ১০:৫১

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে চার উপজাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের টেলকি জলই নামক স্থানে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
গত ২০ জুন শনিবার সকালে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে একটি ছাগল পড়ে যায়। ছাগলটি উদ্ধার করতে প্রথমে গ্রাবিয়েল নকরেক (৪৫) সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন। গ্রাবিয়েলের কোনো সাড়া শব্দ না পেয়ে বাহিরে থাকা আরও তিনজন তাকে উদ্ধার করতে একে একে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন। একপর্যায়ে কারও কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয় লোকজন মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সেপটিক ট্যাংকের ভিতর থেকে চারজনকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
নিহতরা হলেন বাবলু হাদিমা (৩৫), নেইমার মং (১০), রতন নকরেক (২৫) এবং গ্রাব্রিয়েল নকরেক (৪৫)। এরা সকলেই উপজেলার জলই গ্রামের বাসিন্দা।
এই মৃত্যুর ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক। এদিকে মর্মান্তিক এ দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল কাদিরসহ বিভিন্ন নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে স্থানীয় জামায়াত।