বিএনপি সরকার যা বলে তার বিপরীত কাজ করে – মুহাম্মদ ফখরুল ইসলাম
২৫ জুন ২০২৬ ১০:৫০
সিলেট সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে জনগণের সাথে একের পর এক প্রতারণা করে যাচ্ছে। তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে ফ্যাসিবাদী শাসনের দিকে হাঁটছে। প্রধানমন্ত্রী যা বলেন, ঠিক তার বিপরীত কাজ করেন। তিনি নির্বাচনের সময় গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালিয়েছেন। কিন্তু ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাতিল করেছেন। তারা জাতীয় সরকারের প্রতিশ্রুতি দিলেও একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছেন। মানুষের ভোটাধিকারের ফেরতের অঙ্গীকার করে ক্ষমতায় গিয়ে সরকার নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগের মাধ্যমে ভোটাধিকারকে হরণ করেছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী একদিকে বলেন সকলের সরকার; অপরদিকে ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রেও শুধু দলীয় লোকদের মনোনীত করছেন। বিরোধী মতের কারণে অনেক সুবিধাভোগীকে বঞ্চিত করেছেন, যা পুরোনো ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠা ছাড়া কিছু নয়।
গত ১৮ জুন বৃহস্পতিবার সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহানগর নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, এডভোকেট আলিম উদ্দিন, ড. মাওলানা এএইচএম সোলায়মান, ক্বারী মাওলানা আলাউদ্দিন, মু. আজিজুল ইসলাম, শফিকুল আলম মফিক, রফিকুল ইসলাম মজুমদার, নাজির আহমদ, মু. শাহেদ আলী প্রমুখ।