ঢাকা-১২ আসনের হাতিরঝিল এলাকায় টিআর প্রকল্পের চার উন্নয়ন কর্মসূচির উদ্বোধন
২৫ জুন ২০২৬ ১০:০৬
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের আওতাধীন হাতিরঝিল ও পূর্ব নয়াটোলা এলাকায় টেস্ট রিলিফ (টিআর) কর্মসূচির আওতায় চারটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। গত ২৩ জুন মঙ্গলবার ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন প্রধান অতিথি হিসেবে এই প্রকল্পগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচিগুলোর সার্বিক তদারকিতে রয়েছেন জামায়াতে ইসলামীর হাতিরঝিল পূর্ব থানা আমীর ও ৩৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী।
গত মঙ্গলবার সকাল ১০টায় পূর্ব নয়াটোলা সেন্ট্রাল পয়েন্ট থেকে আবুল হোটেলের পূর্ব পর্যন্ত সুয়ারেজ লাইনের সংস্কার ও পরিষ্কার কাজের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। দীর্ঘদিন ধরে চলে আসা স্থানীয় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এরপর বেলা ১০টায় হাতিরঝিলের শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজে উন্নয়ন প্রকল্প ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন স্কুল প্রাঙ্গণে একটি নিম গাছ রোপণ করে এই উন্নয়ন কাজের সূচনা করেন।
পরবর্তীতে রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়। সর্বশেষ রমনা আইডিয়াল দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের জন্য আধুনিক সুপেয় পানির ফিল্টার স্থাপন ও মাদরাসার সার্বিক উন্নয়ন কাজের উদ্বোধন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সমাবেশে সরকারি বরাদ্দ ও তার সুষ্ঠু বণ্টন বিষয়ে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেন, ‘জনগণের ট্যাক্সের টাকায় সরকারি যে বরাদ্দ আসে, তার প্রতিটি পয়সা জনগণের কল্যাণেই ব্যয় হতে হবে। অতীতে রাষ্ট্রীয় বরাদ্দের সঠিক ব্যবহার না হওয়ায় সাধারণ মানুষ কাক্সিক্ষত সেবা থেকে বঞ্চিত হয়েছে। আমরা সেই সংস্কৃতির পরিবর্তন ঘটিয়ে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে চাই। টিআর প্রকল্পের এই অর্থ যেন কোনো অপচয় ছাড়া সরাসরি এলাকার শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে কাজে লাগে, তার জন্য স্থানীয় জনগণকে সাথে নিয়ে আমরা কাজ করছি। প্রতিটি বরাদ্দের সুষ্ঠু বণ্টন ও বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য।’
বিশেষ অতিথির বক্তব্যে এডভোকেট শেখ জিল্লুর রহমান আজমী বলেন, ‘এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং সুপেয় পানির সুব্যবস্থা করা আমাদের দায়িত্ব। এলাকার প্রতিটি নাগরিক যেন এই উন্নয়ন কাজের সুফল পান, আমরা সেই তদারকি অব্যাহত রাখব।’
এসব কর্মসূচিতে স্যুয়ারেজ লাইন সংস্কার প্রকল্প কমিটির সভাপতি আবুল বাশার, সেক্রেটারি শাহ আহমেদ, খন্দকার রুহুল আমিন, আসগর হোসাইন, গিয়াস উদ্দিন এবং স্থানীয় মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন। শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাসুদা আক্তার, শিক্ষক প্রতিনিধি ফিরোজ কবির, কলেজ ইনচার্জ নাসির উদ্দিন এবং প্রকল্প কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির, সদস্য আব্দুল হাই সবুজ, মোহাম্মদ আলাউদ্দিন ও রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন। রমনা মডেল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হালিম, উপাধ্যক্ষ হারুনুর রশিদ খান, ম্যানেজিং কমিটির সদস্য মো. আবুল হোসাইন ও মোস্তাফিজুর রহমান অংশ নেন। এছাড়া রমনা আইডিয়াল দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাদের, প্রকল্প কমিটির সভাপতি ডা. আবুল হাশেম মুন্সি, সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা শাহিন আলম এবং মাওলানা সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।