জ্বালানি তেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ সমাবেশ
১০ জুন ২০২৬ ২১:৩০
সোনার বাংলা ডেস্ক : দফায় দফায় জ্বালানি তেল, বিদ্যুৎ ও দ্রব্যমূল বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সকল মহানগরীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৪ জুন বৃহস্পতিবার দলটির নেতাকর্মীরা ঢাকা, রংপুর, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল এবং খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা অংশ নেন।
খুলনা মহানগরী
জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই-মাহফুজুর রহমান
খুলনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান বলেছেন, ‘বিদ্যুৎ খাতের সীমাহীন দুর্নীতি, অপচয় এবং কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে জনগণের হাজার হাজার কোটি টাকা লুটের খেসারত দিতেই বারবার জনগণের ওপর এই মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হচ্ছে। জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা থাকলে এমন অমানবিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতো না। সরকারের এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর উদ্যোগে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ আলমের পরিচালনায় বক্তৃতা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, খুলনা মহানগরী সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, অফিস সেক্রেটারি মীম মিরাজ হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের খুলনা মহানগরী সভাপতি রাকিব হাসান প্রমুখ।
বগুড়া মহানগরী
বগুড়া সংবাদদাতা : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বগুড়া মহানগর জামায়াতে ইসলামী। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া মহানগর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, মহানগর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, এডভোকেট আল আমিন, এডভোকেট শাহীন মিয়া, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া মহানগর সভাপতি আজগর আলী, মাওলানা আব্দুল হালিম বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম প্রমুখ।
সিলেট মহানগরী
নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে দেয়ালে পিঠ ঠেকেছে- ফখরুল ইসলাম
সিলেট সংবাদদাতা : জামায়াতের কেন্দ্রীয় কমপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার আগে ওয়াদা করেছিল তারা ক্ষমতায় গেলে ২ বছর বিদ্যুতের দাম বৃদ্ধি করবে না। কিন্তু মাত্র ৩ মাসের মাথায় তারা অযৌক্তিকভাবে ৭৫ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের বিদ্যুতের দাম ইউনিট প্রতি দেড় টাকা বৃদ্ধি করেছে। এমনিতেই দফায় দফায় জ্বালানি তেলের দাম এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এমতাবস্থায় আবারো জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধি জনগণের ওপর ‘মড়ার উপর খাঁড়ার ঘা’-এর মতো। অবিলম্বে গণবিরোধী এই সিদ্ধান্ত বাতিল করতে হবে।
গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্ট কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।
মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে সমাপ্ত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক জনশক্তি অংশ নেন।
বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মো. আবদুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মো. আলিম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু ও জামায়াত নেতা মু. আজিজুল ইসলাম প্রমুখ।
বরিশাল মহানগরী
সরকার দ্রব্যমূল্য না কমালে জনগণ রাজপথে নামবে
বরিশাল সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেছেন, সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে।
গত ৪ জুন বৃহস্পতিবার তেল, গ্যাস, বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আয়োজিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশ যাত্রা শুরু করেছে, কিন্তু বিগত সরকারের মতো এখনো জুলুম-নির্যাতন চলছে। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক চাঁদাবাজি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ফলে গুম ও খুন নিত্য-নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। জনগণের কথা বিবেচনা না করেই দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হচ্ছে। বর্তমান সরকারও যদি এভাবে দ্রব্যমূল্যে বাড়াতে থাকে, তবে জনগণ কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।
মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মাদ আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও তারিকুল ইসলাম এবং বরিশাল মহানগর শিবিরের সভাপতি হাসান নাঈম। এছাড়া উপস্থিত ছিলেন মহানগরীর কর্মপরিষদ সদস্য মাওলানা জয়নুল আবেদীন, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইন, কাউনিয়া থানা আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, ব্যবসায়ী বিভাগের সভাপতি মোয়াজ্জেম হোসেন হাওলাদার, আইনজীবী এডভোকেট আবুল খায়ের শহীদসহ অন্য নেতারা।
রংপুর মহানগরী
রংপুর সংবাদদাতা : দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে রংপুর নগরীতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর শাখা।
বিক্ষোভ মিছিলটি স্থানীয় টাউন হল চত্বর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে শুরু হয়ে নগরীর সিটি বাজার, সুপার মার্কেট, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেস ক্লাব চত্বর, গ্রান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর মহানগরী আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন, জামায়াতের মহানগর সেক্রেটারি আনোয়ারুল হক কাজল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এডভোকেট কাওছার আলী, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর সভাপতি আনিসুর রহমান।
এছাড়া বক্তব্য দেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি আল আমীন হাসান, বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাশেম বাদল, মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও পেশাজীবী থানা আমীর অধ্যাপক আবু সাজিদ প্রমুখ।
নারায়ণগঞ্জ মহানগরী
নারায়ণগঞ্জ সংবাদদাতা : দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত। গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে নগরীর মিশন পাড়া এলাকায় কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে করে নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার। তিনি বলেন, জনগণের ওপর একের পর এক জনবিরোধী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। জ্বালানি তেল ও বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি পাওয়া সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। আমরা আন্তর্জাতিক বাজারের দর সম্পর্কে অবগত আছি। এই মূল্যবৃদ্ধি জনগণ মেনে নেবে না, আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং খেটে খাওয়া সাধারণ জনগণকে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তুলব।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ূম, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন ও এইচ এম নাসির উদ্দিন এবং নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিনসহ স্থানীয় নেতারা।
কুমিল্লা মহানগরী
বিদ্যুতের মূল্যবৃদ্ধি জনজীবনকে দুর্বিষহ করে তুলছে
-কাজী দ্বীন মোহাম্মদ
কুমিল্লা সংবাদদাতা : দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী।
গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে এবং মহানগরী সেক্রেটারি মু. মাহবুবর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও নাছির আহম্মেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবির সেক্রেটারি সাইফুল ইসলাম প্রমুখ।
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে। ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং জনগণের ক্রয়ক্ষমতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজীর আহম্মেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমানসহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
রাজশাহী মহানগরী
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, সহাকরী সেক্রেটারি, অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, শাহাদৎ হোসাইন, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ব্যাবসা ও কল্যাণ সম্পাদক অধ্যাপক একেএম সারওয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট, যুব বিভাগের সেক্রেটারি সালাউদ্দিন আহমেদ প্রমুখ।
চট্টগ্রাম মহানগরী
তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে
চট্টগ্রাম সংবাদদাতা : দফায় দফায় তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে গত ৪ জুন বৃহস্পতিবার বিকেলে আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন নগর কর্মপরিষদ সদস্য হামেদ হাসান এলাহী, আমির হোসাইন, ড. আ ম ম মসরুর হোসাইন, সদরঘাট থানা আমীর এম এ গফুর, চকবাজার থানা আমীর আহমেদ খালেদুল আনোয়ার, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমেদ, চট্টগ্রাম-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শফিউল আলম, বিশিষ্ট চিকিৎসক নেতা ডা. আবু নাছের প্রমুখ।
নজরুল ইসলাম বলেন, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।