এনসিটি টার্মিনাল বিদেশিদের দেয়া যাবে না -এস এম লুৎফর রহমান
১০ জুন ২০২৬ ২১:২২
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান বলেছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থাপনা। জাতীয় স্বার্থ, শ্রমিকদের অধিকার এবং দেশের অর্থনৈতিক নিরাপত্তা উপেক্ষা করে বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া যাবে না। গত ৭ জুন রোববার চট্টগ্রামের জামালখানস্থ নগর কার্যালয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরের মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এস এম লুৎফর রহমান বলেন, চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক কনটেইনার হ্যান্ডলিংকারী টার্মিনাল হচ্ছে এনসিটি। চলতি বছরের মে মাসেও টার্মিনালটি সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের সক্ষমতার প্রমাণ দিয়েছে। বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় সফলভাবে পরিচালিত এই টার্মিনালকে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়ার উদ্যোগ অযৌক্তিক, অপ্রয়োজনীয় এবং উদ্বেগজনক। প্রেস বিজ্ঞপ্তি।