পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
৪ জুন ২০২৬ ১১:০৭
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা : খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ পাইকগাছার পল্লী বিদ্যুৎ উপকেন্দ্র-২ পরিদর্শন করেছেন। গত ১ জুন সোমবার বেলা ১১টায় পাইকগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যুৎ উপকেন্দ্রটি তিনি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, গ্রাহকসেবার মান এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণ ও প্রতিকারমূলক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন। আবুল কালাম আজাদ এমপি বলেন, জনগণের নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে পাইকগাছায় নতুন গ্রিড নির্মাণ এবং কয়রায় সাব-স্টেশন স্থাপনের প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। পরিদর্শনকালে সংসদ সদস্য উপকেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কারিগরি সক্ষমতা বৃদ্ধি, গ্রাহকসেবার মানোন্নয়ন ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি গ্রাহকদের ভোগান্তি কমাতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুতের ডিজিএম অঞ্জন কুমার সরকার, ওসি (অপারেশন) জুলফিকার আলী, সেকেন্ড অফিসার আতিকুর রহমান, এজিএম ইলিয়াস পাটোয়ারী, প্রকৌশলী আমিনুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া উপস্থিত ছিলেন পৌর আমীর ডা. আসাদুল ইসলাম, জামায়াতের পৌর মেয়র প্রার্থী মোর্তজা জামান আলমগীর রুলু, মো. সফিয়ার রহমান, মো. ফিরোজ আহমেদ, তামিম রায়হান, মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ব্যক্তিরা।