ফুলবাড়ীতে উপজেলা নির্বাচনে প্রার্থী ঘোষণা করল জামায়াত
৪ জুন ২০২৬ ১০:৫৬
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : আসন্ন স্থানীয় নির্বাচনে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীর নাম ঘোষণা করেছে। গত ৩১ মে রোববার উপজেলা মডেল মসজিদ হলরুমে উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আব্দুল মালেক। সভা পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হামিদ মিয়া এবং জেলা কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা সভাপতি এডভোকেট ইয়াছিন আলী সরকার।
প্রার্থীরা হলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজা, ভাইস চেয়ারম্যান মাস্টার রফিকুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফাহিমা দেওয়ান। একই সাথে ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা জামাতের আমীর মাওলানা আব্দুল মালেকের নাম ঘোষণা করা হয়।