তুলাতলীতে ঝুঁকি নিয়ে হেঁটে খাল পারাপার করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ
১৫ মে ২০২৬ ২১:৩২
মাহামুদুল হক বাহাদুর, নাইক্ষ্যংছড়ি : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলীতে ঝুঁকি নিয়ে পায়ে হেঁটে নিয়মিত খাল পারাপার করে জীবনযাপন করছে শিক্ষার্থীসহ হাজারো মানুষ।
সরেজমিন দেখা যায়, দোছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের দোছড়ি খালটির ওপর দিয়ে প্রায় এক হাজারেররও বেশি মানুষ জীবন জীবিকার তাগিদে নিয়মিত চলাচল করছে। দৈনিক স্কুল এবং মাদরাসায় চার থেকে পাঁচশত শিক্ষার্থী পারাপার হয় তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশ্যে। খালের পূর্বপাড়ে রয়েছে সরকারি ফরেস্ট অফিস, কেন্দ্রীয় জামে মসজিদসহ বেশকিছু প্রতিষ্ঠান ও ঘর বাড়ি। আর পশ্চিম পাড়ে রয়েছে সরকারি প্রাইমারি স্কুল, বেসরকারি দাখিল মাদরাসা, তুলাতলী বাজার, ঘরবাড়ি ও অন্যান্য প্রতিষ্ঠান।
শুষ্ক মৌসুমে হাঁটুপানি পার হয়ে চলাচল করা গেলেও একটু বৃষ্টি হলেই বাধে বিপত্তি। এছাড়া বর্ষা মৌসুমে মানুষের জীবনযাপন স্থবির হয়ে পড়ে। এই সময়ে স্কুল মাদরাসায় শিক্ষার্থীদের আসা যাওয়া অসম্ভব হওয়ায় বর্ষাকালে শিক্ষার্থীদের লেখাপড়া বন্ধ থাকে এবং হাসপাতালে রোগী আনা নেওয়া কষ্টসাধ্য হওয়াতে মানবজীবন বিপন্ন হয়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়।
এমন পরিস্থিতিতে হাজারো মানুষ ও শিক্ষার্থীর জীবনযাপন থেকে শুরু করে লেখাপড়া ও অন্যান্য মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য জরুরি ভিত্তিতে ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর। স্থানীয় মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম বলেন, ব্রিজ না থাকায় শিশুরা মক্তবে ও মুসল্লিরা মসজিদে নামাজে আসতে অসুবিধায় পড়ছেন।
তুলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন বলেন, শিক্ষার উন্নয়নের সাথে অবকাঠামোগত উন্নয়ন নিবিড়ভাবে জড়িত। তাই আমি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত খালের ওপর ব্রিজ নির্মাণের দাবি জানাচ্ছি।
দোছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইমরান বলেন, গ্রামের খালের ওপর ব্রিজ নির্মাণের জন্য সয়েল টেস্ট থেকে শুরু করে বেশ কিছু কার্যক্রম পরিচালিত হয়েছে। দ্রুততম সময়ে ব্রিজ নির্মাণের জন্য আমি সংশ্লিষ্টদের সহযোগিতা প্রত্যাশা করছি।