শরীফ আবদুল গোফরান-এর কবিতা
দিন বদলের প্রার্থনায়
১৫ মে ২০২৬ ২১:১৪
যেদিন আগামীকাল সকাল হবে না,
দুপুর, সন্ধ্যা, রাত, সকাল-
শুধু কালের কার্নিশে ঝুলে
সময় বেনামি হবে।
সকালের নাশতা, মধ্যাহ্নভোজ,
রাতের খাবার এক হয়ে
টেবিলে অনাহারি থেকে যাবে।
নিকট সূর্যের প্রখর উত্তাপে
মানুষ দৌড়াবে সাগরের দিকে,
সাগর লাফাবে আগুন হয়ে।
কালো হয়ে কালের পাথর
প্রচণ্ড ধাক্কায় বিচূর্ণ হয়ে
উড়বে আকাশে তুলার মতো।
শেষ প্রহরে রুদ্ধ দুয়ারে
করাঘাত করে জানতে চাইবে মানুষÑ
কী হলো সময় তোমার?
দিন বদলের প্রার্থনায়
অবনত সময়
সেজদা থেকে তুলবে না মাথা কিছুতেই।
তুমিও অবনত হও, মানুষ,
ভেবে দেখো-
কী হবে সেদিন তোমার?