ওমর বিশ্বাস-এর কবিতা

আমি যুদ্ধ চাই


১৫ মে ২০২৬ ২১:১৪

আমি যুদ্ধের পক্ষে
আমি যুদ্ধের বিপক্ষে!

এটা কি দ্বিচারিতা
এটা কি বৈপরীত্য?

আমার অবস্থান চকচকে
আমি যুদ্ধের পক্ষে ও বিপক্ষে
আসলে আমি কোন পক্ষ!
যুদ্ধে আমি নিরপেক্ষ নই।

আমি দ্বিচারিতার বিপক্ষে
আমি বৈপরীত্যের বিপক্ষে
আমি আগ্রাসনের বিপক্ষে
হোক না সেটা যুদ্ধ ছাড়াই

আমি যুদ্ধের পক্ষে
আমি শান্তির পক্ষে
আমি প্রতিরোধের পক্ষে
যদি সেটা হয় যুদ্ধ।

আমি যুদ্ধ চাই
আমার যুদ্ধ প্রতিনিয়ত নিজের সাথে
প্রতি পদে পদে প্রতিটি অন্যায়ে
বিশ্বের প্রতিটি মরীচিকায়

যুদ্ধ কেন হবে?
আমি তো পৃথিবীময় যাবতীয় কুটযুদ্ধের বিপক্ষে।

আমি আগ্রাসনবাদীদের যুদ্ধের বিপক্ষে
আমি মজলুমের প্রতিরোধের যুদ্ধের পক্ষে।