শ্রমিকদের রক্তে ফ্যাসিবাদের পতন হয়েছে : মুহাম্মদ শাহজাহান


৭ মে ২০২৬ ০৯:৩৩

চট্টগ্রাম সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান শ্রমিকদের রক্তে ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত হয়েছে বলে মন্তব্য করেছেন। চব্বিশের গণঅভ্যুত্থানে শ্রমিকদের ভূমিকা অবিস্মরণীয় এবং ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা উৎখাতে তারাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।
গত ১ মে শুক্রবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগর আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চসিক মেয়র পদপ্রার্থী শামসুজ্জামান হেলালী, বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক ও শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুল্লাহ বাহার এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন।
মুহাম্মদ শাহজাহান বলেন, শ্রমিকদের অবদান ছাড়া কোনো সভ্যতা টিকে থাকতে পারে না। অথচ বাংলাদেশে শ্রমিকদের যথাযথ মূল্যায়ন হয় না। তিনি দাবি করেন, দেশের অর্থনীতি গড়ে তুলতে শ্রমিকদের রক্ত-ঘামই প্রধান শক্তি হিসেবে কাজ করেছে। ফ্যাসিবাদবিরোধী প্রতিটি আন্দোলনে শ্রমিকরা জীবন দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছে বলেও উল্লেখ করেন তিনি।