জামায়াতের সাবেক আমীর মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কবর জিয়ারত
২৩ এপ্রিল ২০২৬ ১৪:৪০
ফেনী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর মরহুম মকবুল আহমাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও কবর জিয়ারত করেছেন দলের নেতারা। গত ১৭ এপ্রিল শুক্রবার বাদ জুমা ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের ওমরাবাদ আমিন বাড়ির পারিবারিক কবরস্থানে শায়িত বর্ষীয়ান এ রাজনীতিবিদের কবর জিয়ারতে অংশ নেন দলটির কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এবং ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক এবং কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক জেলা আমীর অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, সোনাগাজী উপজেলা আমীর মাওলানা মোস্তফাসহ অন্য নেতারা।
উল্লেখ্য, ২০২১ সালের ১৩ এপ্রিল দুপুরে রাজধানীর ইবনেসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ইন্তেকাল করেন মকবুল আহমাদ।
১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ, ১৯৮৬ ও ১৯৯১ সালে ফেনী-২ আসনে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।
এছাড়া মকবুল আহমাদ জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী সেক্রেটারি জেনারেল, নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ব্যক্তিগত জীবনে ফেনী সেন্ট্রাল হাইস্কুল ও শরিষাদী হাইস্কুলে শিক্ষকতা করেছেন। পারিবারিক জীবনে তিনি ৩ ছেলে ও ২ মেয়ের জনক।
মকবুল আহমাদ জামায়াতের তৃতীয় নির্বাচিত আমীর। তৃতীয় ভারপ্রাপ্ত আমীর হিসেবেও মকবুল আহমাদ দীর্ঘসময় দায়িত্ব পালন করেছেন। জামায়াতের শীর্ষনেতাদের অনুপস্থিতিতে মকবুল আহমাদ ২০১০ সালের ২৯ জুন থেকে ২০১৬ সালের অক্টোবর পর্যন্ত ভারপ্রাপ্ত আমীর ছিলেন। ২০১৭ সাল থেকে নির্বাচিত আমীরের দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০১৯ সালে তাঁর স্থলে নতুন আমীর নির্বাচিত হন বর্তমান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মকবুল আহমাদ ১৯৬২ সালে ছাত্রজীবন শেষ করে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। ১৯৬৭ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ফেনী শহর আমীরের দায়িত্ব পালন করেন এবং ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ফেনী মহকুমা আমীরের দায়িত্ব পালন করেন। ১৯৭০ সালের শেষ দিকে তিনি বৃহত্তর নোয়াখালী জেলা আমীরের দায়িত্ব পালন করেন।