হাকালুকি হাওরে পানির নিচে কৃষকের স্বপ্ন

নষ্টের পথে ১০০ বিঘা জমির বোরো ধান


৯ এপ্রিল ২০২৬ ১১:২৭

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা : ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের ১০০ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানিতে তলিয়ে গেছে। এতে করে তিলে তিলে গড়ে তোলা কৃষকের স্বপ্ন ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরে এমন ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। এছাড়া আশপাশের আরও অনেক ফসলি জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে মহাদুশ্চিন্তার ভাঁজ কৃষকের কপালে।
ভুক্তভোগী হাওর পারের কৃষক আব্দুল মজিদসহ আরো অনেকে বলেন, গত দু-তিন দিনের একটানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে আমাদের সারা বছরের একমাত্র স্বপ্ন বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় এখন আমাদের মাথায় হাত। এছাড়া হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি হু হু করে প্রবেশ করছে। গত ৫ এপ্রিল রোববার দুপুরে আবারও হঠাৎ কালবৈশাখীসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে। এতে হাওরের বিভিন্ন বিলে পানি প্রবেশ করছে। সরেজমিন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কণ্ঠিনালার রাবার ড্যামের পশ্চিম পাশে দেখা যায়, হাওরের পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে নৌকায় তুলে বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে যাওয়ায় উপায়ন্তর না দেখে মহিষ দিয়ে ধান খাওয়াতেও দেখা গেছে। এভাবে পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ৩০০ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করছে। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।