তৌহিদুর রহমান-এর কবিতা

অরক্ষিত স্বাধীনতা


১৭ মার্চ ২০২৬ ১১:০৬

বিশ্বাসের দিগন্তজুড়ে নুয়ে পড়া নতজানু স্মৃতি,
হায়েনার বিষাক্ত দাঁতে ক্ষতবিক্ষত প্রগতি।
বন্ধুর অভয় বাণী স্বাধীনতা ছিঁড়ে খুড়ে খায়,
বিবস্ত্র পাখি শরাহত ডানা ঝাঁপটায়।

মরীচিকার শিকলে বাঁধা দোয়েলের চোখ,
লাল সবুজ জীর্ণশীর্ণ প্রবঞ্চিত আলোক।
প্রচলিত শব্দ গিলছে দেখো উন্মুক্ত খোঁয়াড়,
অবাক বিস্ময়ে দেখি অরক্ষিত নিজের দুয়ার।

সুখের কয়েদি মোরা ধর্ষিতা হতে ভালোবাসি,
প্রগতির পতিতা মোরা মূলা ভালোবাসি।

শামসুজ্জামান মতীন-এর কবিতা
কী অপরূপ আর মেহেরবান তুমি হে!

পাতা আর পাতা, বাহারি পাতার হাট বসেছে
চোখ কাঁপানো, চোখ জুড়ানো মাঠ
প্রাণকাড়া আবেগে বাগানবাসী
ঝির ঝিরে তির তিরে, হিড় হিড়ে হাড় কাঁপে
নাচে আর মূর্ছনার তালে মূর্ছা যায়
হিল্লোলের হিমাচলে প্রকৃতির প্রকারে
আকরিক লাগামে
নথ লাগিয়েছে মৌ,
মৌ মৌ উৎসবের ঘ্রাণ লেপ্টে আছে শরীর জুড়ে
লাল সবুজ সোনালি ডানার আবডালে
নূহা রাহীর রক্তাক্তপুষি, আদররত মাহিম
আবু সাঈদের হিরন্ময় স্ফুলিঙ্গ, পরিয়ে দিলাম গলে
লাল আর নীল গোলাপ
মুখ থুবড়ে পড়ে থাকা জবা কুসুমের আকর
হর্ষ নিনাদে আলোকিত আজ কবির হৃদাত্মা।

বাহারি পাতার আড়ে লুকায় কাঁটা
পাতার বাঁধনে কাঁটা আর কাঁটার আড়ালে পাতা
কেউ কারো নয়- দুজনে দুজন, নিত্য আড়াআড়ি
নিত্য প্রেমে সাঁটা-অতীন্দ্রিয় প্রেমে আঁটা।