আবু হাসান তাহের-এর কবিতা

মাটির সুবাসে ঈদ


১৭ মার্চ ২০২৬ ১১:০৬

রোজা শেষের বাঁকা চাঁদটি উঠলো আকাশ কোণে,
খুশির জোয়ার বইছে আজ রে সবার মনে মনে।
আতর-গোলাপ সুবাস মাখা নতুন জামার ভাঁজ,
উঠোনজুড়ে আলপনাতে খুশির কারুকাজ।

ও ভাই, খুশির কারুকাজ! আকাশ ভেঙে
ঝরলো যেন সাত রঙের এক নূর,
দুঃখ যতো পালালো আজ সাত সমুদ্র দূর।
ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাই মিলে বল রে আজ
ঈদ মোবারক ঈদ!

মেহেদী রাঙা হাত দু’খানি আলতা রাঙা পা,
খুশিতে আজ মাতোয়ারা আমার সোনার গাঁ।
বটের তলায় মেলা বসেছে বাঁশির মিষ্টি সুরে,
ঘরে ফেরা মানুষগুলো এলো আপন নীড়ে।

ফিরনি-সেমাই সুবাস ছড়ায় মেঠোপথের বাঁকে,
দাদি-নানি আদর করে নাতনিদের যে ডাকে।
প্রাণে প্রাণে প্রাণ মিশে এক প্রাণ আজ হয়
ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক ঈদ!

হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে হাতে মেলাবো হাত,
একই কাতারে নামাজ শেষে মেলাবো আজ পাত।
ধনী-গরিব রইবে না কেউ, সবাই যে ভাই ভাই,
মানুষের চেয়ে বড় তো আর কিছু যে নাই ভাই।

শাপলা-শালুক বিলের জলে হাসছে রোদের মুখে,
শান্তি আসুক সবার ঘরে, সবার আপন বুকে।
প্রাণে প্রাণে প্রাণ মিশে এক প্রাণ আজ হয় ঈদ
মোবারক, ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ!

পুব আকাশে সোনার রবি হাসলো নতুন হাসে,
ভালোবাসার গানটি আজরে সবার মনে ভাসে।
উড়ুক তবে খুশির ঘুড়ি নীল আকাশের বুকে,
সারা জীবন কাটুক সবার এমন মহাসুখে।

ও ভাই, এমন মহাসুখে! ঈদ মোবারক, ঈদ
মোবারক, ঈদ মোবারক ঈদ! ঈদ মোবারক ঈদ!