ঈদের দর্শন হচ্ছে আত্মশুদ্ধি ত্যাগ সহমর্মিতা ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠান


১৭ মার্চ ২০২৬ ১০:১১

॥ আতাউর রাহমান নাদভী ॥
মহান আল্লাহ তায়ালা মানবজাতিকে শুধু সৃষ্টি করেননি; তিনি মানুষের স্বভাব-প্রকৃতি ও মানসিক চাহিদা সম্পর্কেও পূর্ণভাবে অবগত। মানুষের অন্তরে আনন্দ, বিনোদন ও উচ্ছ্বাসের স্বাভাবিক আকাক্সক্ষা বিদ্যমান। তাই ইসলাম এই স্বাভাবিক প্রবৃত্তিকে অস্বীকার করেনি; বরং শালীনতা, সংযম ও নির্দিষ্ট বিধিনিষেধের মধ্যে থেকে আনন্দ উদযাপনের সুযোগ দিয়েছে। ইসলামের
দৃষ্টিতে আনন্দ উদযাপনের এই বিশেষ উপলক্ষ্যকে বলা হয় ‘ঈদ’। ঈদ শুধু একটি সামাজিক উৎসব নয়; বরং এটি ইবাদত, কৃতজ্ঞতা, আত্মশুদ্ধি ও সামাজিক সম্প্রীতির এক অপূর্ব সংমিশ্রণ। শরীয়তের নির্দেশনা ও শিষ্টাচার মেনে ঈদ উদযাপন করা সওয়াবের কাজ। কিন্তু যদি কেউ সীমালঙ্ঘন করে, তাহলে সেই আনন্দই আখিরাতে অনুতাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
ইসলামী সভ্যতায় দুই মহান উৎসব
ইসলামী সভ্যতায় মূলত দুটি ঈদ নির্ধারিত হয়েছে, ঈদুল ফিতর ও ঈদুল আজহা। এই দুটি উৎসবই মুসলমানদের ধর্মীয়, আধ্যাত্মিক ও সামাজিক জীবনে বিশেষ গুরুত্ব বহন করে।
১. ঈদুল ফিতর
রমাদান মাসে এক মাসব্যাপী সিয়াম-সাধনা, আত্মসংযম ও ইবাদতের পর ঈদুল ফিতর আসে আনন্দের বার্তা নিয়ে। এটি মূলত আত্মশুদ্ধি ও তাকওয়ার এক মাস পূর্ণ করার পুরস্কারস্বরূপ উদযাপিত হয়। ঈদুল ফিতরের অন্যতম শিক্ষা হলো সংযম, কৃতজ্ঞতা এবং আল্লাহভীতি অর্জন। এদিন ‘সাদাকাতুল ফিতর’ আদায়ের মাধ্যমে ধনী-গরিবের ভেদাভেদ দূর হয় এবং সমাজে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা ছড়িয়ে পড়ে। তাই এই ঈদের মূল বার্তা হলো, সংযমের পর আনন্দ এবং ইবাদতের পর পুরস্কার।
২. ঈদুল আজহা
ঈদুল আজহা কুরবানির ঈদ নামেও পরিচিত। এই উৎসব মূলত ত্যাগ, আত্মসমর্পণ ও আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যের প্রতীক। কুরবানির মাধ্যমে মানুষ শেখে যে, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয়তম জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকতে হবে। কুরবানির গোশত আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্রদের মধ্যে বণ্টনের মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জাগ্রত হয়। এই ঈদের মূল বার্তা হলো, ত্যাগেই সফলতা এবং আত্মসমর্পণেই প্রকৃত শান্তি।
হাদীসে ঈদের তাৎপর্য
আয়েশা (রা.) থেকে বর্ণিত একটি হাদীসে বলা হয়েছে, একদিন ঈদুল ফিতর অথবা ঈদুল আজহার দিনে আবু বকর (রা.) নবী কারীম (স.)-এর ঘরে আসেন। তখন দুইজন কিশোরী আনসারদের একটি যুদ্ধসংক্রান্ত কবিতা আবৃত্তি করছিল। আবু বকর (রা.) এ দৃশ্য দেখে বললেন, ‘এ তো শায়তানের ঢাল।’ তখন নাবী কারীম (স.) বললেন, ‘হে আবু বকর, তাদের ছেড়ে দাও। প্রত্যেক সম্প্রদায়েরই একটি ঈদ আছে, আর আজ আমাদের ঈদের দিন।’ (বুখারী)।
এই হাদীস থেকে বোঝা যায় যে, ইসলাম আনন্দকে সম্পূর্ণ নিষিদ্ধ করেনি; বরং সীমার মধ্যে থেকে আনন্দ প্রকাশকে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে এটিও ইঙ্গিত করে যে, মুসলমানদের উৎসব অন্যান্য জাতির উৎসব থেকে স্বতন্ত্র।
আরেকটি হাদীসে আনাস (রা.) বর্ণনা করেন, নাবী কারীম (সা.) যখন মাদীনায় আগমন করেন, তখন দেখলেন মাদীনাবাসীরা দুটি দিন আনন্দ-উৎসব পালন করে। তখন তিনি বললেন, ‘জাহেলিয়াতের যুগে তোমাদের দুটি দিন ছিলো, যাতে তোমরা খেলাধুলা করতে। এখন আল্লাহ সে দুটি দিনের পরিবর্তে তোমাদের দুটি উত্তম দিন দিয়েছেন, ঈদুল ফিতর ও ঈদুল আজহা।’ (আবু দাউদ)।
এই হাদীস থেকে স্পষ্ট হয় যে ইসলামে উৎসবের সংখ্যা নির্দিষ্ট এবং শরীয়ত কর্তৃক নির্ধারিত এই দুটি ঈদই ইসলামী সভ্যতার প্রতিনিধিত্বমূলক উৎসব।
ইসলামী উৎসবের দর্শন
ইসলামী শিক্ষার আলোকে দেখা যায়, ঈদ উদযাপন আসলে মহান আল্লাহর অগণিত নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের একটি মাধ্যম। এটি শুধু বাহ্যিক আনন্দ-উল্লাস নয়; বরং এর সঙ্গে জড়িত রয়েছে ইবাদত, দোয়া, আত্মশুদ্ধি ও পারস্পরিক সহমর্মিতা।
সূরা মায়েদার সেই বিখ্যাত আয়াত ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম’ নাজিল হওয়ার প্রসঙ্গে বর্ণিত আছে যে, কিছু ইহুদি ওমর (রা.)-কে বলেছিল, ‘যদি এই আয়াতটি আমাদের ওপর নাজিল হতো, তবে আমরা সেই দিনটিকে ঈদ হিসেবে পালন করতাম।’ তখন ওমর (রা.) উত্তর দিয়ে বলেছিলেন, ‘তোমরা কি জানো না, যেদিন এ আয়াতটি নাজিল হয়েছিল, সেদিন আমাদের জন্য দ্বিগুণ আনন্দের দিন ছিল, আরাফার দিন এবং জুমার দিন।’
মুফতি শাফী (রাহি.) তাঁর তাফসিরে উল্লেখ করেছেন যে, এ বক্তব্য থেকে বোঝা যায় মুসলমানদের ঈদ কোনো ঐতিহাসিক ঘটনার স্মৃতিকে কেন্দ্র করে নয়; বরং আল্লাহর ইবাদত, দোয়া কাবুলের আশা এবং তাঁর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।
পাকিস্তানের বিশিষ্ট আলেম মুফতি মুহাম্মদ তাকী উসমানী ইসলামী উৎসবের দর্শন ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে, ইসলাম যেসব দিনকে উৎসব হিসেবে নির্ধারণ করেছে, সেগুলো অতীতে একবার ঘটে যাওয়া কোনো ঐতিহাসিক ঘটনার স্মৃতির সাথে সম্পর্কিত নয়। বরং প্রতি বছর পুনরাবৃত্ত হওয়া এমন আনন্দময় উপলক্ষ্যকে কেন্দ্র করে নির্ধারিত হয়েছে, যা মুসলমানদের ইবাদত, আনুগত্য ও আত্মত্যাগের সাথে গভীরভাবে সম্পর্কিত। তিনি উল্লেখ করেন যে, ইসলামে ঈদের আনন্দ মূলত ইবাদত সম্পন্ন করার আনন্দ। আল্লাহ তায়ালা মুসলমানদের জন্য দুটি ঈদ নির্ধারণ করেছেন এবং উভয় ঈদই এমন সময়ে আসে যখন মুসলমানরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পন্ন করে। অর্থাৎ ঈদের আনন্দ কেবল পার্থিব উল্লাস নয়; বরং তা আল্লাহর সন্তুষ্টি অর্জনের পরিপূর্ণতার আনন্দ।
এই প্রেক্ষাপটে ঈদুল ফিতর নির্ধারিত হয়েছে পবিত্র রমাদান মাসের শেষে। রমাদান মাসজুড়ে মুসলমানরা সিয়াম পালন, ইবাদত, কুরআন তিলাওয়াত ও আত্মসংযমের মাধ্যমে নিজেদের আত্মশুদ্ধিতে নিয়োজিত থাকে। পুরো মাসব্যাপী এই সাধনার পর আল্লাহ তাঁর বান্দাদের জন্য পুরস্কার ও আনন্দের দিন হিসেবে ঈদুল ফিতর নির্ধারণ করেছেন। অন্যদিকে ঈদুল আজহা নির্ধারিত হয়েছে আরেকটি মহান ইবাদত, হজের সাথে সম্পর্কিত সময়ে। হজের সর্বশ্রেষ্ঠ রুকন হলো ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করা। এদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখ লাখ মুসলমান আরাফাতের ময়দানে সমবেত হয়ে আল্লাহর ইবাদতে মগ্ন হয়। এই মহান ইবাদত সম্পন্ন হওয়ার পরের দিন, অর্থাৎ ১০ জিলহজ, আল্লাহ মুসলমানদের জন্য দ্বিতীয় ঈদ ‘ঈদুল আজহা’ নির্ধারণ করেছেন। এভাবে ইসলামে ঈদের মূল দর্শন হলো ইবাদতের পর আনন্দ, আনুগত্যের পর পুরস্কার এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। তাই মুসলমানদের ঈদ শুধু বাহ্যিক উৎসব নয়; বরং তা আধ্যাত্মিক সাফল্য ও আল্লাহর নৈকট্য অর্জনের আনন্দঘন প্রকাশ। (ইসলাহী খুতবাত, খণ্ড ১২, পৃ. ৯০)।
ইসলামী সমাজে উৎসবের প্রভাব ও বৈশিষ্ট্য
ইসলামী উৎসবগুলোর প্রভাব ইসলামী সমাজের ওপর অত্যন্ত গভীর ও সুদূরপ্রসারী। এ প্রভাবের কারণেই ইসলামের উৎসবগুলো অন্যান্য জাতি ও সংস্কৃতির উৎসব থেকে স্বতন্ত্র বৈশিষ্ট্য লাভ করেছে। ইসলামের দৃষ্টিতে উৎসব শুধু আনন্দ-উল্লাস বা বিনোদনের উপলক্ষ্য নয়; বরং তা মানুষের নৈতিকতা, আধ্যাত্মিকতা ও সামাজিক সংহতি গঠনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইসলামী সমাজে উৎসবগুলোর কয়েকটি গুরুত্বপূর্ণ প্রভাব ও বৈশিষ্ট্য নিম্নে আলোচনা করা হলো।
আধ্যাত্মিকতা ও নৈতিকতা
ইসলাম উৎসবকে শুধু বিলাসিতা ও উচ্ছৃঙ্খল আনন্দের প্রতীক হিসেবে উপস্থাপন করেনি। বরং উৎসবের মধ্যেই এমন ইবাদত ও আধ্যাত্মিক অনুশীলন অন্তর্ভুক্ত করেছে, যা মানুষের আত্মিক উন্নতি ও নৈতিক পরিশুদ্ধির পথ প্রশস্ত করে। ঈদের নামাজ, তাকবির, দোয়া, জাকাত ও কুরবানির মতো ইবাদত মানুষের অন্তরে আল্লাহভীতি, আন্তরিকতা ও পবিত্রতার অনুভূতি জাগ্রত করে। ইসলামী সভ্যতা যখন তার স্বর্ণযুগে প্রতিষ্ঠিত ছিলো, তখন এই উৎসবগুলো মুসলিম সমাজের ওপর গভীর আধ্যাত্মিক প্রভাব বিস্তার করেছিলো। এগুলো মুসলমানদের জন্য এক ধরনের আধ্যাত্মিক পুষ্টির উৎসে পরিণত হয়েছিলো, যা তাদের অন্তরকে আল্লাহর স্মরণে উজ্জীবিত করত এবং আত্মশুদ্ধির অনুপ্রেরণা জোগাত।
পরিচ্ছন্নতা ও পবিত্রতার শিক্ষা
ইসলামী উৎসবগুলোর আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাহ্যিক ও অভ্যন্তরীণ পবিত্রতার প্রতি গুরুত্ব প্রদান। ঈদের দিন অজু করা, গোসল করা, পরিষ্কার ও সুন্দর পোশাক পরিধান করা, সুগন্ধি ব্যবহার করা, মিসওয়াক করা ইত্যাদি কাজকে উৎসাহিত করা হয়েছে। এসব কাজ শুধু ব্যক্তির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করে না; বরং এগুলো ইবাদতের অংশ হিসেবেও গণ্য হয়। ইসলামে পবিত্রতা ও পরিচ্ছন্নতার চর্চাকে সাওয়াব অর্জনের একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়েছে। এর ফলে একদিকে মানুষের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পায়, অন্যদিকে তার অভ্যন্তরীণ অবস্থা ও মানসিক পবিত্রতার ওপরও ইতিবাচক প্রভাব পড়ে। কারণ বাহ্যিক পরিচ্ছন্নতা মানুষের অন্তরের পরিশুদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ঐক্য ও সংহতির বিকাশ
ইসলামী উৎসবগুলোর অন্যতম বৈশিষ্ট্য হলো মুসলমানদের সম্মিলিতভাবে একত্রিত হওয়া। ঈদের নামাজ বৃহৎ জামাতে আদায় করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এতে সমাজের ধনী-গরিব, ছোট-বড়, উচ্চ-নিম্ন, সব শ্রেণির মানুষ একই কাতারে দাঁড়িয়ে একসঙ্গে ইবাদত করে। এই সম্মিলিত ইবাদত একদিকে আল্লাহর রহমত ও করুণা লাভের একটি মাধ্যম; অন্যদিকে এটি মুসলিম সমাজে ঐক্য, ভ্রাতৃত্ব ও সংহতির এক অনন্য প্রকাশ ঘটায়। ঈদের নামাজের মাধ্যমে মুসলমানরা পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করে এবং সমাজে সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়। এছাড়া ঈদের আগে সম্পাদিত বিভিন্ন ইবাদত, যেমন রমাদানের সিয়াম সাধনা বা হাজে আনুষ্ঠানিকতা, এই সম্মিলিত সমাবেশের গুরুত্বকে আরও সুস্পষ্ট করে তোলে। ফলে ইসলামী উৎসবগুলো মুসলিম সমাজকে শুধু আনন্দ দেয় না; বরং তাদের আধ্যাত্মিক, নৈতিক ও সামাজিক ভিত্তিকেও সুদৃঢ় করে তোলে।
ইসলামী উৎসবের সম্মিলিত ইবাদত, ঐক্য ও ত্যাগের শিক্ষা
ইসলামী উৎসবগুলো শুধু আনন্দের উপলক্ষ্য নয়; বরং এগুলো এমন কিছু ইবাদতের সঙ্গে সম্পর্কিত, যা মুসলিম সমাজে ঐক্য, পারস্পরিক ভালোবাসা এবং ত্যাগের চেতনা জাগ্রত করে। এই দৃষ্টিকোণ থেকে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উভয়ই মুসলমানদের আধ্যাত্মিক ও সামাজিক জীবনে গভীর প্রভাব বিস্তার করে।
ঈদুল ফিতরের পূর্বে রমাদান মাসে তারাবির নামাজ আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ্ হিসেবে গণ্য করা হয়। এই নামাজ সাধারণত জামাতের সঙ্গে আদায় করা হয়। যেহেতু এটি বছরে মাত্র এক মাস পালন করা হয়, তাই এতে মুসলমানদের মধ্যে বিশেষ উৎসাহ, পারস্পরিক স্নেহ ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ ঘটে। মসজিদগুলোয় মুসল্লিদের সম্মিলিত উপস্থিতি ইসলামী সমাজে ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য দৃশ্য তুলে ধরে।
অন্যদিকে ঈদুল আজহার পূর্বে হজ পালিত হয়, যা বিশ্বের সকল জাতি ও সভ্যতার মধ্যে সবচেয়ে বৃহৎ, সুসংগঠিত এবং সর্বজনীন ধর্মীয় সমাবেশ হিসেবে বিবেচিত। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত লাখ লাখ মুসলমান বর্ণ, ভাষা, জাতি ও দেশের পার্থক্য ভুলে একই সময়ে একই স্থানে একত্রিত হন এবং একই নিয়মে ইবাদত সম্পাদন করেন। এই মহান সমাবেশে তারা শৃঙ্খলা, ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্বের এমন এক অনন্য উদাহরণ উপস্থাপন করেন, যা ইসলামী সভ্যতা ছাড়া অন্য কোথাও বিরল। এই সম্মিলিত সমাবেশগুলোর প্রভাব ইসলামী সমাজের ওপর অত্যন্ত দীর্ঘস্থায়ী ও কার্যকর। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, ভালোবাসা ও সংহতির অনুভূতি দৃঢ় হয় এবং একটি বৈশ্বিক মুসলিম সম্প্রদায়ের চেতনা স্পষ্টভাবে প্রতিফলিত হয়।
ত্যাগ ও সহমর্মিতার শিক্ষা
ইসলামী উৎসবগুলো কেবল ব্যক্তিগত আনন্দের বিষয় নয়; বরং এগুলোর মধ্যে এমন ইবাদত অন্তর্ভুক্ত রয়েছে, যা ত্যাগ, সহমর্মিতা এবং সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। ঈদুল ফিতরের আগে সাদকাতুল ফিতর আদায় করা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য আবশ্যক করা হয়েছে। এর উদ্দেশ্য হলো সমাজের দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করা, যাতে তারাও ঈদের আনন্দে অংশগ্রহণ করতে পারে। সাদকাতুল ফিতরের মাধ্যমে সমাজের দরিদ্র শ্রেণির মানুষদের খাদ্য, পানীয় ও প্রয়োজনীয় পোশাকের ব্যবস্থা করার সুযোগ সৃষ্টি হয়। ফলে তারা হীনম্মন্যতায় ভোগে না এবং ঈদের দিনে নিজেদের ও তাদের সন্তানদের জন্য আনন্দময় পরিবেশ নিশ্চিত করতে পারে। এভাবে ইসলামী উৎসবগুলো সমাজে পারস্পরিক সহানুভূতি, ত্যাগ ও ভ্রাতৃত্বের চেতনাকে জাগ্রত করে। তাই ইসলামে ঈদ শুধু আনন্দের দিন নয়; বরং এটি মানবতা, সামাজিক ন্যায়বিচার ও আধ্যাত্মিক উন্নতির এক মহান শিক্ষার বাহক।
উপসংহার
সার্বিকভাবে বলা যায়, ইসলামে ঈদের দর্শন হলো আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা, আত্মশুদ্ধি, ত্যাগ, পারস্পরিক সহমর্মিতা এবং সামাজিক ঐক্য প্রতিষ্ঠা করা। তাই মুসলমানদের জন্য ঈদ শুধু আনন্দ-উৎসব নয়; বরং এটি ইবাদত, মানবিকতা ও আধ্যাত্মিকতার এক মহিমান্বিত সমন্বয়। যদি ঈদের প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্য অনুসরণ করা যায়, তবে তা ব্যক্তি ও সমাজ উভয়ের জীবনেই কল্যাণ ও শান্তি বয়ে আনতে সক্ষম।
লেখক : অধ্যাপক (আরবী), আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।