হাটহাজারী-বায়েজিদ আসনে ভোট কারচুপির অভিযোগ নাছির উদ্দীন মুনিরের


১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯

মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের ভোটগ্রহণ ও ফলাফল নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন ১১ দলীয় জোট ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা প্রতীকের প্রার্থী মাওলানা নাছির উদ্দীন মুনির।
তিনি অভিযোগ করে বলেন, সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পিত কারচুপির মাধ্যমে তাকে পরাজিত করা হয়েছে। গত শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
নাছির উদ্দীন মুনির বলেন, তাকে হারানোর উদ্দেশ্যে আসনের বিভিন্ন কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। ফরহাদাবাদ ৪ নম্বর, মির্জাপুর ৮ নম্বর, হাটহাজারী পৌরসভা ৬ নম্বর, চিকনদণ্ডী ১ নম্বর ও উত্তর মাদার্শা ৪ নম্বর মাহলুমা কেন্দ্রসহ একাধিক কেন্দ্রে তার এজেন্টদের কেন্দ্রে থাকতে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, সকাল ও বিকালে কিছু সহকারী প্রিসাইডিং কর্মকর্তাকে প্রভাবিত করে ব্যাপক জালভোট প্রদান করা হয়েছে। বিশেষ একটি রাজনৈতিক দলের প্রভাবাধীন প্রিসাইডিং কর্মকর্তাদের মাধ্যমে পরিকল্পিত কারচুপি সংঘটিত হয়েছে বলেও উল্লেখ করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রসঙ্গ টেনে নাছির বলেন, নাজিরহাট ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতির পদ থেকে সরে গিয়ে তার স্ত্রীকে দায়িত্ব দেওয়া হলেও ওই প্রতিষ্ঠানের একাধিক শিক্ষক নির্বাচনী দায়িত্বে ছিলেন, যা নির্বাচন বিধিমালার পরিপন্থী। এছাড়া ভোটের আগের দিন ও ভোটের দিন তার সমর্থক, এজেন্ট ও ভোটারদের নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে অনেক ভোটার ভয়ে কেন্দ্রে যেতে পারেননি বলে দাবি করেন নাছির।
মির্জাপুর ইউনিয়নের পশ্চিম সিকদারপাড়া ফোরকানিয়া মাদরাসা কেন্দ্রসহ কয়েকটি স্থানে হামলা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও তুলে ধরেন তিনি। তার ভাষ্যানুযায়ী, কিছু কেন্দ্রে অস্ত্রের মহড়া দিয়ে নির্দিষ্ট প্রতীকে সিল মারার ঘটনাও ঘটেছে।
নাছির উদ্দীন মুনির বলেন, পোস্টাল ব্যালটের ফলাফলে তিনি বেশি ভোট পেয়েছেন, যা নিরপেক্ষতার প্রমাণ। কেন্দ্রগুলোয়ও স্বাভাবিক পরিবেশ বজায় থাকলে ফলাফল ভিন্ন হতো বলে দাবি করেন তিনি। সব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের বেসরকারিভাবে ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তিনি।