হামিদুর রহমান আযাদ এমপি হলে গুরুত্বপূর্ণ মন্ত্রিত্ব পাবেন : কর্নেল অলি আহমদ


১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৪২

সরওয়ার কামাল, মহেশখালী : লিবারেল ডেমোক্রেট পার্টি এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, পতিত সরকারের পরে আবির্ভূত নব্য ফ্যাসিস্টদের বিতাড়িত করতে হলে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. এএইচএম হামিদুর রহমান আযাদকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করতে হলে গণভোটে ‘হ্যাঁ’ পক্ষে ভোট দিতে হবে এবং দেশকে কল্যাণকর রাষ্ট্র বানাতে হলে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীকে আপনাদের মূল্যবান রায় প্রদান করতে হবে।
গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে হোয়ানক টাইম বাজার মাঠে ড. হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহিমের সঞ্চালনায় নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের সমর্থনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের রূপকার ১১ দলীয় জোট ক্ষমতায় আসীন হলে বাংলাদেশকে একটি কল্যাণরাষ্ট্ররূপে গড়ে তুলবে। যে রাষ্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত হয়।
তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবে না। কারণ অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা মুস্তাফিজুর রহমান। এছাড়া বক্তব্য দেন উপজেলা আমীর মাস্টার শামীম ইকবাল, নায়েবে আমীর মাস্টার আজিজুল হক, এডভোকেট নুরুল ইসলাম, এডভোকেট ফরিদুল আলম, কামরুল হাসান, আজিজুল হক, এনসিপি নেতা ইয়ামিন, মাওলানা ইউনুছ, আব্দুল হান্নান, মাওলানা রাহমত উল্লাহ, মাওলানা নুরুল আলম, হিন্দু শাখার নেতা ডা. পরিমল কান্তি শীল (ট্রাস্টি), রাজীব কান্তি দে, কাজল কান্তি দে, সরল দে ও সন্তোষ দে সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।