ঝিকরগাছায় জামায়াতের মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল


৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫৭

চৌগাছা (যশোর) সংবাদদাতা : ঝিকরগাছা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলা ও লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জানান, দলটির মনোনীত এমপি প্রার্থী ডা. মোসলেহ উদ্দীন ফরিদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে গত ২৫ জানুয়ারি বিএনপির কর্মীরা জামায়াতে ইসলামীর মহিলা কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় তাদের নেকাব জোরপূর্বক খুলে দেওয়া হয়, মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয় এবং ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়। ইতোপূর্বে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবং বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিতও হয়েছে। প্রতিবাদ মিছিলে অংশ গ্রহণকারীরা বলেন, এ ধরনের আচরণ শুধু রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূতই নয়, নারীর মর্যাদা ও নিরাপত্তার ওপর সরাসরি আঘাত। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।