হাইকোর্টে গিয়েও প্রার্থিতা ফিরে পেলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী মঞ্জুরুল আহসান মুন্সী
২২ জানুয়ারি ২০২৬ ১০:০৭
স্টাফ রিপোর্টার : মনোনয়ন ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীকে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করেছেন হাইকোর্ট। এই রিট খারিজের ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। গত ২১ জানুয়ারি বুধবার দুপুরে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ শুনানির পর এ আদেশ দেন। আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন এডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার হামিদুল মিসবাহ, এডভোকেট সাইফুল্লাহ আল মামুন।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. আবদুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ)-এর পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী, এডভোকেট জহিরুল ইসলাম মুসা, এডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। এর আগে সোমবার (১৯ জানুয়ারি) কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন।
গত ১৭ জানুয়ারি আপিলে তার মনোনয়নপত্র বাতিল করে ইসি। ইসির গত ১৭ জানুয়ারির সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছিল রিট আবেদনে।
এ আসনে এখন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মো. আবদুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকার, খেলাফত মজলিসের মোহাম্মদ মজিবুর রহমান, গণঅধিকার পরিষদের জিওপি মো. আ. জসিম উদ্দিন।