মিরসরাইয়ে জামায়াতের উপজেলা দায়িত্বশীল সমাবেশ

জুলাই চেতনার বৈষম্যমুক্ত নির্বাচন আদায়ে সোচ্চার থাকতে হবে -মুহাম্মদ শাহজাহান


১৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৫

ইমরান সোহেল, চট্টগ্রাম : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেছেন, জুলাই চেতনার প্রকৃত প্রতিফলন ঘটাতে হলে একটি অবাধ, সুষ্ঠু ও বৈষম্যমুক্ত নির্বাচন নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সকল দায়িত্বশীলকে সদা সোচ্চার ও ঐক্যবদ্ধ থাকতে হবে। গত সোমবার (১২ জানুয়ারি) চট্টগ্রামের মিরসরাই উপজেলায় দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী এবং চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্যপ্রার্থী এডভোকেট ছাইফুল রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মোহাম্মদ রায়হান, মিরসরাই থানা কর্মপরিষদ সদস্য ইউসুফ বিন সিদ্দিক প্রমুখ।
মুহাম্মদ শাহজাহান বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অনিয়ম ও দুঃশাসনের শিকার। জুলাই চেতনা আমাদের শিখিয়েছেÑ অন্যায় ও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে সংস্কার করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে।
সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন।
তিনি আরো বলেন, জনগণের পাশে থেকে ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নৈতিকতা, সততা ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে। ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী বলেন, দায়িত্বশীলদের আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক শৃঙ্খলার মাধ্যমে তৃণমূল পর্যায়ে জামায়াতে ইসলামীকে আরও শক্তিশালী করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী আন্দোলনের নেতৃত্বে সৎ ও যোগ্য লোকদের সামনে এগিয়ে আসতে হবে। এডভোকেট ছাইফুল রহমান বলেন, মিরসরাইবাসীর অধিকার আদায়ে এবং একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।