সংসদ নির্বাচন : আপিলে প্রার্থিতা ফিরে পেলেন যারা


১৪ জানুয়ারি ২০২৬ ১২:৫৩

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের পর বাতিল হওয়া প্রার্থীদের আপিল আবেদন শুনানি চলছে। অনেক প্রার্থী আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন। আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি।
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন
দেওয়ান মুরাদুজ্জামান (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্যপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুল মোবিন আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে নির্বাচন কমিশন তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করে। একইসঙ্গে কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। এর আগে চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী আপিল শুনানিতে তার প্রার্থিতা ফিরে পেয়েছেন। গত শনিবার (১০ জানুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
মাদারীপুর-২ আসন মনোনয়ন ফিরে পেলেন সাঈদ আনসারী
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী আপিল করে তার মনোনয়ন ফিরে পেয়েছেন। গত শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে তার দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তার দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে। এর আগে রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাইয়ে তার মনোনয়নপত্র বাতিল করেছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর আংশিক ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন এ ইসলামী বক্তা।
জামালপুর-৩ আসনে আপিলের পর দুই প্রার্থীর মনোনয়ন বৈধ
মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) সংসদীয় আসনে আপিলের পর দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৈধতা পাওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মজিবুর রহমান আজাদী এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী সাদিকুর রহমান সিদ্দিকী শুভ।
গত রোববার (১১ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শেষে নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত দেয়। এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ের সময় বিভিন্ন জটিলতার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। পরে উভয় প্রার্থীই নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে আপিল মঞ্জুর হওয়ায় তারা নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা ফিরে পান।