সুন্দরবনের টিয়ারচরে ২ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী


১৪ জানুয়ারি ২০২৬ ১২:৪৬

কবির হোসেন কিবরিয়া, শরণখোলা : প্রশাসনের কঠোর নজরদারির মধ্যেও থেমে নেই বনদস্যদের তৎপরতা। পূর্ব সুন্দরবনের টিয়ারচর এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী দুই জেলেকে অপহরণ করেছে। গত শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
পূর্ব সুন্দরবন বন বিভাগের শেলারচর থেকে অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার রোববার দুপুরে মোবাইল ফোনে বলেন, গত শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় তারা জেলেদের নৌকায় চড়াও হয় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। তার দুই জেলেকে দস্যুরা তাদের ট্রলারে উঠিয়ে নিয়ে যায়। দস্যুরা মুক্তিপণের জন্য তাদের সাথে যোগাযোগের জন্য অন্য জেলেদের কাছে মোবাইল ফোন নম্বর দিয়ে গেছে।
অপহৃত জেলেরা হচ্ছেন- আবু হানিফ (৩২) ও খায়রুল ইসলাম (৩০)। এদের বাড়ি সাতক্ষীরার আশাশুনির খাজুরা এলাকায়। জেলে অপহরণের ঘটনায় শেলারচরের জেলেদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে বলে মিজান বহদ্দার জানিয়েছেন।
শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু জানান, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে এখন জেলে মৎস্যজীবীরা দিশেহারা। দস্যুদের নীরবে বিকাশের মাধ্যমে চাঁদার টাকা দিয়ে জেলেদের মাছ ধরতে হচ্ছে। দস্যুদের আগে টাকা না দিলে জেলেদের অপহরণ করছে দস্যুরা। এমনকি গত মাসে ৪ জেলেকে অপহরণ করে জাহাঙ্গীর বাহিনী। দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তার জেলেদের মুক্ত করে এনেছেন জানিয়ে ব্যবসায়ী মিঠু সুন্দরবনে দস্যু দমনে র‌্যাব ও কোস্টগার্ডের অভিযান জোরদারের দাবি জানিয়েছেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আব্দুস সবুর টিয়ারচরে দুই জেলেকে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের নবাগত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম টিয়ারচরে জেলে অপহরণের বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।