সম্পাদকীয়

শুভ ঈসায়ী নববর্ষ ২০২৬


১ জানুয়ারি ২০২৬ ১১:৩৫

শুভ ঈসায়ী নববর্ষ ২০২৬। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। অতীতের আত্মসমালোচনা এবং নিজ নিজ ভুল, অপরাধ ও পাপের জন্য ক্ষমাপ্রার্থনা করে আগামীর পথচলার নবজাগরণের বার্তা নিয়ে আমাদের মাঝ এসেছে নতুন বছর ২০২৬। সময় বহমান। যে সময় চলে যায়, তা আর কোনোদিন ফিরে আসে না। তাই সময়কে মূল্যায়ন করা হয় অমূল্য বলে। অর্থাৎ চলে যাওয়া সময় কোটি কোটি টাকার বিনিময়েও ফিরে পাওয়া সম্ভব নয়, মূল্য দিয়ে কেনা যায় না। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় ও বৈশ্বিক সর্বক্ষেত্রেই সময়ের সাথে সাথে পরিবর্তন আসে। সেই পরিবর্তনের বাঁকগুলো মূল্যায়ন করে নিতে হয় ভবিষ্যৎ পরিকল্পনা। তাই অতীত স্মৃতি ও ইতিহাস সংরক্ষণ করা জরুরি।
আমরা জানি, ২০২৪-এর ৫ আগস্ট দেশে একটি বড় বিপ্লব সংঘটিত হয়েছে। সেই ধারাবাহিকতায় ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামে দেশের সর্বস্তরে নতুন বাংলাদেশ গড়ার একটি প্রত্যাশা জেগেছে। সেই প্রত্যাশার পূর্ণতা তখনই সম্ভব হবে, যখন এ নতুন বছরের কর্মপরিকল্পনা বাস্তবতার নিরীক্ষে প্রণয়ন করে আমরা পথচলা শুরু করতে পারবো। নতুন বছরের শুরুতে ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে। দীর্ঘ দেড় যুগ পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় জাতি গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। নিঃসন্দেহে আসন্ন জাতীয় নির্বাচন জাতির জন্য একটি বড় পরীক্ষা। প্রথম পরীক্ষা অন্তর্বর্তী সরকার, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং দ্বিতীয় পরীক্ষা রাজনৈতিক দল ও জনগণের জন্য। বিগত দেড় দশকের ফ্যাসিস্ট শাসনের কারণে রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের মনে একটি বদ্ধমূল ধারণা বাসা বেঁধেছে, ‘প্রশাসনের টপ টু বটম দুর্নীতিবাজ।’ কথাটি যে সত্য নয়, তা এবারের নির্বাচনে সততার সাথে দায়িত্ব পালন করে প্রমাণ করতে হবে। রাজনৈতিক দলগুলো সৎ ও যোগ্য প্রার্থীদের মনোনয়ন দিয়ে এ কথা প্রমাণ করার সুযোগ পেয়েছে, তারা সত্য ও ন্যায়ের পক্ষে। চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের জন্য রাজনীতি নয়। সংসদ নয়, তাদের জন্য উপযুক্ত স্থান হলো জেলখানা। যারা দেশ ও জনগণের পক্ষে কাজ করাকে দুনিয়া ও পরকালের মুক্তির মিশন মনে করেন, নিজের ঘরের খেয়ে বনের মেষে তাড়ানোর মতো বিশাল হৃদয়ের অধিকারী রাজনীতি তাদের জন্য। দেশ ও জনগণের সম্পদ লুট করে নিজে সম্পদের পাহাড় গড়ার লাইসেন্স পাওয়ার জন্য যারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করার দুঃস্বপ্ন দেখছেন- রাজনীতি ও রাষ্ট্রের প্রতিটি সেক্টর থেকে তাদের নির্বাসনে পাঠানোর মিশনই হোক নতুন বছরের প্রত্যাশা। কারণ রাজনীতি বিশুদ্ধ না হলে জুলাই চেতনার আলোকে দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন হবে না। তাই আসুন, এ নতুন বছরে আমরা মনেপ্রাণে শপথ করি, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও দখলবাজদের কবল থেকে দেশ ও জনগণকে মুক্ত করব। ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যমুক্ত দেশ গড়ব। আল্লাহ আমাদের সহায় হোন। আমীন।