নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের কেন্দ্রীয় সনদ পরীক্ষায় পাস ৯৬.৮৯ শতাংশ


৩১ ডিসেম্বর ২০২৫ ১৪:১১

মো. একরামুল হক, হাটহাজারী (চট্টগ্রাম) : নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের অধীনে পরিচালিত দেশব্যাপী নূরানী মাদরাসাগুলোর ২০২৫ সালের কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এ পরীক্ষায় মোট ৭ লাখ ২৯ হাজার ৭৩৯ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৭ লাখ ২৬ হাজার ১৫১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৭ লাখ ৩ হাজার ৫৬৭ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়। এতে মোট পাসের হার দাঁড়িয়েছে ৯৬.৮৯ শতাংশ। পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে ৪৭ হাজার ৩৭২ জন শিক্ষার্থী। এছাড়া সর্বোচ্চ মেধাতালিকা (টপ-২০) স্থান অর্জন করেছে ২ হাজার ৮৭৪ জন শিক্ষার্থী। সারা দেশের ১০ হাজার ৩১২টি নূরানী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। দেশব্যাপী ৩ হাজার ৯২টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বোর্ডের তথ্যানুযায়ী, ২০২৫ সালে প্রি-শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ৬ লাখ ৭২ হাজার ৪৯৩ জন, নার্সারিতে ৭ লাখ ৬২ হাজার ৩৪২ জন, প্রথম শ্রেণিতে ৭ লাখ ৭৩ হাজার ৫২৮ জন এবং দ্বিতীয় শ্রেণিতে ৬ লাখ ৫৬ হাজার ১৫২ জন। প্লে থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট শিক্ষার্থীর সংখ্যা ২৮ লাখ ৬৪ হাজার ৫১৫ জন। তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী রয়েছে ৭ লাখ ২৯ হাজার ৭৩৯ জন। সব মিলিয়ে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের আওতায় মোট শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ লাখ ৯৪ হাজার ২৫৪ জন, যা নূরানী শিক্ষাব্যবস্থার ক্রমবর্ধমান অগ্রগতিকে স্পষ্ট করে।
গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বোর্ডের প্রধান কার্যালয় দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারীর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান ও দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলিল আহমদ কাসেমী (দা.বা.)-এর হাতে কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন বোর্ডের প্রতিষ্ঠাতা মহাসচিব আল্লামা মুফতি জসীমুদ্দীন (দা.বা.) এবং পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের সিনিয়র সহ-সভাপতি ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মদ আলী কাসেমী (দা.বা.)।