নির্বাচন উৎসবমুখর করতে তৎপর ইসি


২৫ ডিসেম্বর ২০২৫ ২১:৫০

অংশীজনের সঙ্গে দফায় দফায় বৈঠক
অভ্যন্তরীণ প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে

স্টাফ রিপোর্টার : সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং জুলাই সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠানে বিরামহীন প্রচেষ্টা চালাচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। কমিশন নির্বাচনী কর্মকর্তা ও মাঠ প্রশাসনের (জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার) সঙ্গে ইতোমধ্যে বৈঠক করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। গত ২১ ডিসেম্বর রোববার তিন বাহিনী প্রধান ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার সিদ্ধান্তে এসেছে কমিশন। এদিকে তফসিলের পর সম্ভাব্য প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আগামী ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ তারিখ। এরপর শিডিউল অনুযায়ী অন্যান্য বাকি কাজগুলো এগিয়ে নেবে নির্বাচন কমিশন। এবারই প্রথম প্রবাসীদের ভোটার করার উদ্যোগ নেয় ইসি। ইতোমধ্যে বেশ সাড়াও পড়েছে এ প্রক্রিয়ায়। তাছাড়া ভোটগ্রহণে ইসি তার অভ্যন্তরীণ সব প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের ৬ লাখেরও বেশি নিবন্ধন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৬ লাখ ৫১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরাও ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। এদিকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত চার দিনে নিবন্ধনকারী ১ লাখ ২৪ হাজার ৩০০ প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২২ ডিসেম্বর সোমবার পর্যন্ত ১৬টি দেশের ১ লাখ ২৪ হাজার ৩০০ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান। গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৬ লাখ ৫১৭ জন ভোটার নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ৫ লাখ ৬০ হাজার ৯৯২ জন পুরুষ ভোটার ও ৩৯ হাজার ৫২৩ জন নারী ভোটার রয়েছেন। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লাখ ৪১ হাজার ৬১০ জন নিবন্ধন করেছেন। এছাড়া কাতারে ৫২ হাজার ৭৭৪ জন, ওমানে ৩৯ হাজার ১৭৯ জন, মালয়েশিয়ায় ৩৬ হাজার ৮৮০ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৬ হাজার ৭০০ জন, যুক্তরাষ্ট্রে ২৪ হাজার ৩৯১ জন, কুয়েতে ২০ হাজার ৫৩৯ জন, যুক্তরাজ্যে ১৯ হাজার ৩০৮ জন, সিঙ্গাপুরে ১৭ হাজার ১০১ জন, ইতালিতে ১৪ হাজার ২০৪ জন ও কানাডায় ১১ হাজার ৪০৯ জন নিবন্ধন করেছেন।
আমরা প্রমাণ করতে চাই সঠিক-সুন্দর নির্বাচন করতে পারি : সিইসি
গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, আমরা প্রমাণ করতে চাই সঠিক-সুন্দর নির্বাচন করতে পারি এবং এটা একমাত্র আইনের শাসনের মাধ্যমেই সম্ভব। কর্মকর্তাদের উদ্দেশে নাসির উদ্দিন বলেন, আইনের শাসন কাকে বলে, আমরা তা দেখিয়ে দিতে চাই। আইনের শাসন মানে আইন হবে অন্ধ। ‘ল’ (Law) সবার জন্য সমানভাবে প্রয়োগ করবেন। আপনাদের ওপর গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। এই ক্রান্তিলগ্নে আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, তবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা দায়ী থাকব। বিগত নির্বাচনগুলো নিয়ে সমালোচনার কথা উল্লেখ করে সিইসি বলেন, সামষ্টিকভাবে আমাদের ওপর দোষারোপ করা হচ্ছে। বলা হচ্ছে, আমরা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছি বা ম্যানেজড ইলেকশন করছি। এ অপবাদ থেকে আমরা মুক্তি চাই। মাঠপর্যায়ে আপনারা যারা সরকারকে সচল রাখেন, সিস্টেমটাকে ধরে রাখার দায়িত্ব আপনাদের।
নির্বাচন উৎসবমুখর হবে, আশ্বস্ত করলেন পুলিশপ্রধান
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর করার মতো পূর্ণ সক্ষমতা বাংলাদেশ পুলিশের রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন। গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইজিপি বলেন, জুলাই-পরবর্তী সময়ে বাস্তব কারণেই আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নানা প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করতে হয়েছে। তবে আমরা সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছি। নির্বাচনের আগে এই পর্যায়ে এসে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আমাদের বাহিনী যথেষ্ট সক্ষমতা অর্জন করেছে।