বেআইনি অস্ত্র ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে অভিযান চালাতে হবে : ইজ্জত উল্লাহ


১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৫০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তালা উপজেলা জামায়াত মিছিল বের করে

নূর ইসলাম, তালা (সাতক্ষীরা) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বেআইনি ও অবৈধ সব অস্ত্র উদ্ধারের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কালারোয়া) আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে সরকারি উচ্চবিদ্যালয়ের ফুটবল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে তালা উপজেলা জামায়াতের আয়োজনে মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
তিনি আরো বলেন, এ আসনের ৯৩টি ভোটকেন্দ্রের নিরাপত্তা বিধান করতে হবে। সামনের নির্বাচনে আমরা কোনো অনিয়ম করবোনা, কিন্তু কেও যদি অনিয়ম করতে আসে, তাহলে প্রশাসনকে তা প্রতিহত করতে হবে। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিশ্ববিদ্যালয়গুলোয় যেভাবে ইসলামের বিজয় হয়েছে, সেভাবে জাতীয় সংসদেও ইসলামের বিজয় হবে, ইনশাআল্লাহ।
তালা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মফিদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ও (তালা – কলারোয়া) আসনের পরিচালক ডা. মাহামুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী। ইসলামী আন্দোলন বাংলাদেশ তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মাওলানা আসাদুল হক, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলান মাছুম বিল্লাহ, মাওলা কবিরুল ইসলাম, ইসলামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, অফিস সেক্রেটারি জাহাঙ্গীর আলম, তালা উপজেলা ছাত্রশিবির সভাপতি জামালুল বান্না প্রমুখ।