বর্ণাঢ্য আয়োজনের বিজয় দিবস পালন
১৮ ডিসেম্বর ২০২৫ ১৬:৪২
সারা দেশে বর্ণাঢ্য আয়োজন ও নানা কর্মসূচিতে বিজয় দিবস উযদযাপন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে এসব কর্মসূচি পালন করে সংগঠনটির বিভিন্ন ইউনিট ও অঙ্গ সংগঠন। সারা দেশের সোনার বাংলা সংবাদদাতাদের পাঠানো প্রতিবেদনের খণ্ড অংশ প্রকাশ করা হলোÑ
মাদারীপুর পৌর জামায়াতের দোয়া ও আলোচনা সভা
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর পৌরসভা শাখা। গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৭টায় স্থানীয় কার্যালয়ে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদারীপুর পৌরসভা আমীর ডা. মোহাম্মদ আলমগীর হোসাইন প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান। প্রধান অতিথির আলোচনা রাখেন মাদারীপুর-২ আসনের প্রার্থী মাওলানা আব্দুস সোবহান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারি এডভোকেট মিজানুর রহমান খান, পৌর নায়েবে আমীর আলহাজ আব্দুর রহিম মোল্লা, মাওলানা কাজী আব্দুল আলিম প্রমুখ।
বদলগাছীতে জামায়াতের ৫৫তম বিজয় র্যালি
এনামুল কবীর এনাম, বদলগাছী (নওগাঁ) : ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি করেছে। গত ১৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় বদলগাছী বাসস্ট্যান্ড থেকে র্যালি শুরু হয় এবং চৌরাস্তায় আলোচনা সভা করেন জামায়াত।
নওগাঁ জেলা জামায়াতে ইসলামের বায়তুলমাল সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাসিরুদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি এবং নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্যপ্রার্থী মাওলানা মো. মাহফুজুর রহমান।
কোটচাঁদপুরে মহান বিজয় দিবস উদযাপন
রোকনুজ্জামান, কোটচাঁদপুর : ঝিনাইদহের কোটচাঁদপুরে বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গত মঙ্গলবার (১৬ ডিসেম্বর) উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে নেওয়া হয় ব্যাপক প্রস্তুতি। এদিন সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়। এরপরই সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে অবস্থিত উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার ও স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়।