কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে এটিএম মা’ছুম

আগে গণভোট তারপর নির্বাচন


২৮ নভেম্বর ২০২৫ ১০:২৪

কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম বলেছেন, প্রথমে গণভোট, তারপর জাতীয় নির্বাচন; অন্যভাবে হলে নির্বাচন হবে না। তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে জনগণ আগামী দিনে বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে- এ কথায় প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের পক্ষ থেকে আমরা চাই এ সনদকে আদর্শ অনুযায়ী এবং পরে গণভোটের মাধ্যমে সাংবিধানিক মর্যাদা দেওয়া হোক।’
তিনি কুচক্রী মহলকে সতর্ক করে বলেন, যারা দেশকে সঠিক পথে চলতে দেয়নি, তারা এখনো এ দেশকে সঠিক পথে চলতে দেবে না। আমরা এ চক্রান্ত বুঝতে পেরেছি। তাই আমাদের আন্দোলন রাস্তায় নেমে আরো শক্তিশালী হয়েছে। গত শুক্রবার (২১ নভেম্বর) সকালে নগরীর ফানটাউনে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. একেএম সৈয়দ সরওয়ার উদ্দিন সিদ্দিকীর পরিচালনায় রুকন সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূইয়া, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ড. আবুল কালাম আজাদ বাশার প্রমুখ। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মুবিন, মাহফুজুর রহমান, জামায়াত নেতা অধ্যক্ষ শফিকুল আলম হেলাল প্রমুখ।