ইসলামী শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলেই ফ্যাসিবাদ ফিরবে না-এডভোকেট হেলাল
২১ নভেম্বর ২০২৫ ১১:২৫
বরিশাল সংবাদদাতা : ইসলামী শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা হলে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাময়াতের ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। গত শুক্রবার (১৪ নভেম্বর) বরিশাল টাউন হলে ওলামা বিভাগ ও বাংলাদেশ মসজিদ মিশনের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বরিশাল মহানগর এ সমাবেশের আয়োজন করে।
এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, দেশে যদি পরিবর্তন আসে, ইমাম-ওলামাদের ঈমানের মর্যাদায় নেতৃত্ব দেওয়ার মাধ্যমেই সেই পরিবর্তন বাস্তবায়িত হবে। তিনি বলেন, সবচেয়ে বড় শিক্ষক হলেন আলেম সমাজ। বিদ্যালয়-কলেজে জ্ঞান অনেক দেওয়া হয়, কিন্তু নীতি-নৈতিকতা, আদব-আখলাক, সৎ চরিত্র এসব তো আলেমরাই শিক্ষা দেন। সমাজের নৈতিক ভিত্তি রক্ষায় তাদের ভূমিকা অত্যাবশ্যক।
ফ্যাসিবাদের বিরুদ্ধে আলেমদের ঐতিহাসিক অবস্থান তুলে ধরে তিনি বলেন, এখনো অনেকে ফ্যাসিস্টের ভাষায় কথা বলছে। আবারো জাতির কাছে তারা প্রত্যাখ্যাত হবে। আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে দূর করতে আলেমদের অবদান ছিল অপরিসীম। আলেম সমাজ রাস্তায় নামলে অপসংস্কৃতির শক্তি টেকে না, ঢাকার শাপলা চত্বরে কালেমার আওয়াজ যেমন তা প্রমাণ করেছে।
ঐক্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আলেম সমাজ সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে নতুনভাবে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইসলামী শরীয়তের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হলে এ দেশে আর কোনোদিন ফ্যাসিজম ফিরে আসবে না।
ওলামা বিভাগের নেতা অধ্যাপক মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
সমাবেশের প্রধান আলোচক ছিলেন লুৎফুর রহমান ক্যাডেট মাদরাসার অধ্যক্ষ এ কিউ এম আবদুল হাকীম মাদানী। বক্তব্য দেন মসজিদ মিশন মহানগরীর সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আবদুর রব, বাঘিয়া আল-আমিন কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা মো. আবু বকর সিদ্দিক, ঝালকাঠি নেছারাবাদ এন.এস কামিল মাদরাসা প্রধান মুফতি মাওলানা শফিকুল ইসলাম, বরিশাল জামায়াতের ওলামা বিভাগ অধ্যক্ষ মাওলানা মো. সোহরাব হোসেন, মসজিদ মিশনের মহানগর সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা একেএম ফজলুর রহমান।