মৌসুমেও সবজির মূল্য আকাশছোঁয়া
২০ নভেম্বর ২০২৫ ২১:৫০
স্টাফ রিপোর্টার : দেশের নিত্যপণের বাজার আসলে কে নিয়ন্ত্রণ করছে, তার কোনো ঠিকঠিকানা নেই। বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে নিত্যপণ্যসহ সব ধরনের পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ক্ষেত্রে সমন্বয় করা। কিন্তু দায়িত্ব নেওয়ার পর বর্তমান বাণিজ্য উপদেষ্টা দেশের কোনো নিত্যপণ্যের বাজারে অভিযান চালানোর খবর পাওয়া যায়নি। মন্ত্রণালয়ের সচিব কিংবা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বাজার মনিটরিং করারও নজির পাওয়া যাচ্ছে না। চালের দাম বৃদ্ধির পর সরকারের পক্ষ থেকে বা ব্যবসায়ীদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ কারণে অসহায় ক্রেতাদের বাধ্য হয়েই দোকানিদের বেধে দেওয়া মূল্যে পণ্য কিনতে হচ্ছে।
এখন শীত মৌসুম। এ মৌসুমে শাকসবজির উৎপাদন ও সরবরাহ দুটিই বেশি। এ সময় সব ধরনের সবজির মূল্য কম থাকার কথা, কিন্তু বাজারের চিত্র উল্টো। এক সপ্তাহ আগেই সবজির বাজারমূল্য যা ছিল, এখন তার চেয়ে অনেক বেশি মূল্যে কিনতে হচ্ছে ক্রেতাদের। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায়, ফলে সরবরাহ কমায় সবজির দাম বেড়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, বাজারে প্রতি কেজি পটোল ৮০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের সপ্তাহে ছিল ৬০ টাকা। এছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায় এক সপ্তাহ আগেই এ শিম বিক্রি হয়েছে ৪০ থেকে সর্বোচ্চ ৬০ টাকা কেজি, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢ্যাঁড়শ প্রতি কেজি ৮০ টাকা, মুলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।
রাজধানীর বাজারগুলোয় দেশি মুরগির দাম প্রতি কেজি ৬০০ টাকা আর সোনালি মুরগি ৩২০ টাকার ঘরে। অন্যদিকে ব্রয়লার মাত্র ১৭০ টাকায় কেজি বিক্রি হচ্ছে। বাজারে মাছের মূল্য এখন আকাশছোঁয়া। খবর নিয়ে জানা গেছে, প্রায় সব ধরনের মাছের দামই প্রায় অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে বড় রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, মাঝারি রুই ৩০০ থেকে ৩২০ টাকা ও ছোট রুই ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। কাতল মাছের দাম ৩৮০ থেকে ৪৫০ টাকা, শিং মাছ ৫৫০ টাকা, মাগুর ৫০০ টাকা, চাষের কৈ ২০০ থেকে ২৫০ টাকা, পাঙাস ১৮০ থেকে ২৩০ টাকা এবং তেলাপিয়া ১৫০ থেকে ২২০ টাকা, সিলভার কার্প মাছ ২৫০-৩০০ টাকা, বোয়াল মাছ ৫০০-৭০০ টাকা, কালিবাউশ মাছ ৪৫০ টাকা, আইড় মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের মধ্যে ছোট চিংড়ি ৩০০ টাকা, কাঁচকি মাছ ৪৫০ টাকা, মলা মাছ ৩০০ টাকা, পাবদা মাছ আকারভেদে ৩০০-৬০০ টাকা, গলদা চিংড়ি আকারভেদে ৬৫০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা গেছে। বাজারে জাটকা ইলিশের কেজি ৫০০ থেকে ৫৫০ টাকা বিক্রি হচ্ছে।