এ মাসেই চূড়ান্ত ভোটার তালিকা, ডিসেম্বরে তফসিল
৬ নভেম্বর ২০২৫ ২০:২৯
স্টাফ রিপোর্টার : দিন যাচ্ছে আর কাছাকাছি চলে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে সুষ্ঠু ভোট অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী, সরকারের ৩১ মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে প্রাক-প্রস্তুতি সভা করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির মাঠপর্যায়েও এ সভা আয়োজন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার নির্বাচনে ভোট দিতে পারবেন প্রায় ১৩ কোটি ভোটার। চূড়ান্ত ভোটার তালিকা চলতি মাসের ১৮ তারিখে ঘোষণা হতে পারে বলে ইসির সিনিয়র সচিব ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন। এদিকে এবারই প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশীদের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যেসব প্রবাসী ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধিত হবেন, তারা ডাকযোগে ভোট দিতে পারবেন। এ লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর প্রবাসী ভোটার নিবন্ধন অ্যাপ উদ্বোধন করা হবে। উদ্বোধনের সময় কতদিন পর্যন্ত নিবন্ধন করা যাবে, তাও জানানো হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করে, ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন আয়োজনকারী সংস্থা (ইসি)।
মাঠ কর্মকর্তাদের প্রাক-প্রস্তুতি সভার নির্দেশ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রাক-প্রস্তুতি সভা আয়োজনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গত ৩ নভেম্বর ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে। ইতোমধ্যে সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানা যায়। চিঠিতে বলা হয়েছে, ইসি সচিব আখতার আহমেদের সভাপতিত্বে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মাঠপর্যায়ে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। এ সভা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং সিনিয়র জেলা বা জেলা নির্বাচন অফিসারদের আওতাধীন কর্মকর্তাদের সমন্বয়ে অনুষ্ঠিত হবে। আরও বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রাক-প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠানের জন্য নির্দেশ দেওয়া হলো।
ভোটার সংখ্যা প্রায় ১৩ কোটি
আসছে ১৮ নভেম্বর পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হতে পারে বলে জানানো হয়েছে নির্বাচন কমিশন থেকে। গত ২ নভেম্বর নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ইসি সচিব আখতার আহমেদ এ কথা জানান। তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত ইসির হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭৭২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার (হিজড়া) ১ হাজার ২৩০ জন। সব মিলিয়ে কমিশনের হিসাব অনুযায়ী দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। তবে এ তালিকা চূড়ান্ত নয়, এ মাসেই চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে।
এগারো দেশে চলছে প্রবাসী ভোটার নিবন্ধন
বর্তমানে ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে। গত ২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথার সময় ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বর্তমানে ১১টি দেশের ২১টি স্টেশনে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম চলছে। নিবন্ধনের পর প্রবাসীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে অস্ট্রেলিয়ায় দু’টি, কানাডায় দুটি, যুক্তরাষ্ট্রে চারটি, যুক্তরাজ্যে তিনটি। এভাবে মোট ২১টি স্টেশনে নিবন্ধন প্রক্রিয়া চলছে। আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করছি যেন যেখানে আমাদের দূতাবাস আছে, সেসব দেশেও এ সেবা সম্প্রসারণ করা যায়।’ তিনি আরও জানান, ‘বিদেশে অবস্থানরত অনেক বাংলাদেশিরই ইতোমধ্যে এনআইডি রয়েছে। কারণ পাসপোর্ট নিতে গেলেও এনআইডি বাধ্যতামূলক। ফলে উল্লেখযোগ্যসংখ্যক প্রবাসীর এনআইডি রয়েছে বলে আমাদের ধারণা। তবে এখনো যারা নিবন্ধিত হননি, তারা আগামী ১৬ নভেম্বর উদ্বোধন হতে যাওয়া নতুন অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ভোট দিতে পারবেন।’
২৪ ডিসির কাছে জমি চেয়ে ইসির চিঠি
মাঠপর্যায়ে ৩৫টি কার্যালয় নির্মাণের জন্য জমি বরাদ্দ চেয়ে ২৪ জেলা প্রশাসকে (ডিসি) চিঠি দিয়েছে ইসি। গত ৩ নভেম্বর ইসির গবেষণা ও প্রকাশনা শাখার উপপ্রধান (উপসচিব) মুহাম্মদ মোস্তফা হাসানের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা যায়। এতে বলা হয়েছে, ‘নির্বাচনী ডাটাবেজের জন্য উপজেলা, জেলা ও আঞ্চলিক সার্ভার স্টেশন নির্মাণ এবং জেলা সার্ভার স্টেশন ভবন ভূমি বরাদ্দ সাপেক্ষে নির্মাণ হবে। চিঠি দেওয়া ২৪ জেলা হচ্ছে- ঢাকা, গাজীপুর, মাদারীপুর, মুন্সীগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, বগুড়া, নাটোর, সিরাজগঞ্জ, দিনাজপুর, বরগুনা, মেহেরপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। ঢাকা আঞ্চলিক নির্বাচন অফিসের জন্য ন্যূনতম ২৫ শতাংশ জমি চাওয়া হয়েছে। ৩২টি উপজেলার জন্যও ভূমি চাওয়া হয়েছে, যেখানে প্রতিটি উপজেলার জন্য ন্যূনতম ১০ শতাংশ ভূমি চেয়েছে নির্বাচন কমিশন। ৩২টি উপজেলা হলো- লৌহজং, গাজীপুর সদর, সালথা, ডাসারা, কালুখালী, শাহজানপুর, নলডাঙ্গা, চৌহালী, বিরল, তালতলী, মুজিবনগর, কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই, তিতাস, আশুগঞ্জ, বিজয়নগর, হাইমচর, মতলব উত্তর, কমলনগর, বেগমগঞ্জ, সোনাইমুড়ী, সুবর্ণচর, কর্ণফুলী, সন্দ্বীপ, কক্সবাজার ঈদগাঁও, গুইমারা, দক্ষিণ সুরমা, শায়েস্তাগঞ্জ, জুড়ী, শান্তিগঞ্জ, দিরাই ও মধ্যনগর।
প্রসঙ্গত, গত ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ করা হয়। এর আগে গত ৩১ আগস্ট ভোটারের সংখ্যার কথা জানিয়েছিল ইসি। সে তথ্যানুযায়ী দেশের মোট ভোটার ছিলেন ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এখন ভোটার সংখ্যা- মোট ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। ইসির তথ্যানুযায়ী, ২০২৪ সালে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ১১ কোটি ৯৬ লাখ, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে ছিলেন ১০ কোটি ৪১ লাখ। এর আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলেন ৯ কোটি ১১ লাখ।