ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হলেন মামদানি
৬ নভেম্বর ২০২৫ ২০:২৫
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের এক নম্বর শক্তিধর ব্যক্তি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য বিরোধিতা ও হুমকি সত্ত্বেও নিউইয়র্কের মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি।
যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে প্রথম কোনো মুসলিম মেয়র নির্বাচিত হলেন তিনি। একই সঙ্গে ৩৪ বছর বয়সী মামদানি নিউইয়র্ক শহরের গত একশ বছরের মধ্যে সবচেয়ে কম বয়সী মেয়র। প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত ব্যক্তি হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন। এ খবরে ডেমোক্র্যাট শিবির উল্লাসে ফেটে পড়ছে। এ খবর দিয়ে অনলাইন বিবিসি, সিএনএন বলছে, ডেমোক্র্যাটরা ভার্জিনিয়া ও নিউ জার্সির গভর্নর নির্বাচনেও জয়লাভ করবে বলে ধারণা করা হচ্ছে।
এ ফলাফলকে প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম নির্বাচনী পরীক্ষা হিসেবে বিবেচনা করা হচ্ছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, যদি মামদানি স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করেন, তবে তিনি নিউইয়র্ক সিটির ফেডারেল অর্থায়ন কেটে দেবেন। অন্যদিকে ক্যালিফোর্নিয়ার নাগরিকরা আগামী বছরের নির্বাচনের আগে রাজ্যের কংগ্রেসীয় জেলা পুনর্র্নির্ধারণের বিষয়ে ভোট দিচ্ছেন, যাতে ডেমোক্র্যাটদের অনুকূলে নতুন মানচিত্র আঁকা যায়।
ব্রুকলিনে মামদানির পার্টি অফিস এলাকা থেকে বিবিসির সাংবাদিক কায়লা এপস্টেইন বলেন, মামদানির জয়ের সংবাদটি ভিড়ের মধ্যে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছে। ঘরের পেছনের দিকে নিউইয়র্কের পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস নাচতে শুরু করেছেন, আনন্দে লাফাচ্ছেন।
কী হচ্ছে? কৌতূহলী সাংবাদিকরা জানতে চাইলেন। তখন ঘরজুড়ে উল্লাসের ঝড় উঠল, বিশাল স্ক্রিনে স্থানীয় সংবাদ চ্যানেল ঘোষণা করল, মামদানি জয়ী হয়েছেন!