চেতনা চাপিয়ে দেয়ার রাজনীতি আর বাংলাদেশে হবে না-শিবির সভাপতি
২৪ অক্টোবর ২০২৫ ০৯:৪৯
বরিশাল সংবাদদাতা: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, আদর্শ নিয়ে যে জোরজবরদস্তি, চেতনার চাপাচাপির যে রাজনীতি অতীতে হয়েছিলো, তা আর বাংলাদেশে হবে না। তিনি বলেন, আপনার ইচ্ছা অনুযায়ী যেকোনো আদর্শ চর্চা করতে পারেন। শিবিরের পক্ষ থেকে কখনো কাউকে কিছু চাপিয়ে দেয়া হয় না। আমাদের ভালো লাগলে গ্রহণ করবেন, ভালো না লাগলে গ্রহণ করবেন না।
গত রোববার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল বিএম কলেজে নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএম কলেজ শাখা ছাত্রশিবির এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিএম কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহেদ খানের সভাপতিত্বে ও সেক্রেটারি নাহিদ আল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মো. তাজুল ইসলাম ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনর রশীদ রাফি।
এছাড়া অতিথি হিসেবে আরো বক্তব্য দেন বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু তাহের মো. রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বরিশাল মহানগরী সাবেক সভাপতি শেখ নিয়ামুল করিম, সাবেক কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মুজাহিদুল ইসলাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম, মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, অফিস সম্পাদক রাশেদুল হাসান, বায়তুল মাল সম্পাদক নাজমুল হক প্রমুখ।
অনুষ্ঠানে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিনিয়র শিক্ষার্থীরা। অনুষ্ঠানটিতে ক্যারিয়ার পরিকল্পনা, উচ্চশিক্ষায় দিকনির্দেশনা এবং শিক্ষাজীবনে ইতিবাচক মানসিকতা গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তারা আরো বলেন, ক্যারিয়ার গঠনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে গড়ে উঠতে হবে তরুণ প্রজন্মকে। জুলাইয়ের স্পিড, জুলাইয়ের শাহাদাত আমরা ভুলে যাবো না। তাদের উদ্দেশ্য ছিলো বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা। তাদের স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবো।