বিপ্লব এবং বিপ্লব
১৬ অক্টোবর ২০২৫ ১৪:১৯
আমাদের রাতগুলো, রাতের নিশ্বাসগুলো কারা হাতায়! কাদের পকেটস্থ আমাদের অভিজাত
দিনগুলোর ইতিহাস!
শান্তি স্বস্তি স্থিরতা ও নিরাপত্তার শ্বাস চেপে
কারা লুট করে আমাদের সম্ভাব্য আগামী!
তবে কি পরাজিত আমাদের বিপ্লব!
তবে কি খুন হলো আমাদের অভ্যুত্থান!
না, আমাদের বিপ্লব পরাজিত নয়
আমাদের অভ্যুত্থান খুন হবার নয়!
আমরা তো রক্তের ওপর রক্ত ঢেলে
মিটিয়ে দিয়েছি স্বৈরিনীর পিপাসা
জীবনের ওপর জীবন রেখে বাজি রেখেছি মৃত্যুর সাথে, গুম খুন হত্যা আয়নাঘর ও ক্রসফায়ার কিছুতেই
নত হয়নি আমাদের সাহস
আমরা নুয়ে পড়িনি রক্তলিপ্সু ডাইনির হুংকারে
আগ্নেয়াস্ত্র পরাজিত আমাদের হৃদয়ের কাছে!
আমরা তো মৃত্যুকে হ্যাঁচকা টানে জীবনের দিকে ডেকেছি, উচ্চকণ্ঠে বলেছি- মৃত্যুভয় কোনো বিশ্বাসীকে টলাতে পারেনি কোনোদিন!
আমরাও টলবো না কিছুতেই
মানুষ হিসেবে মানুষের মর্যাদা রক্ষার চূড়ান্ত
লড়াইয়ে আমরাই তো জয়ী।
আমাদের সমস্ত লড়াই সংগ্রাম প্রতিবাদ প্রতিরোধ
কেবলই ন্যায় প্রতিষ্ঠা এবং
মানুষের ওপর মানুষের প্রভুত্বের বিরুদ্ধে
নাগরিক অধিকার এবং মর্যাদা সমুন্নত হোক
এটিই আমাদের দৃঢ়প্রত্যয়
সাহসের সম্ভারে আমাদের বিপ্লব এখন বিস্ময়!
আমাদের জনপদ এবং রাজপথ এখন বিপ্লব
আমাদের প্রতিটি তারুণ্যের চোখ এখন বিপ্লব
প্রতিটি চোখের রাজত্ব এখন বিপ্লব
বিপ্লব এখন সমগ্র বাংলাদেশ!
আমরা চিনে গেছি আমাদের সত্যের চাবুক
অসত্যের উদ্গমে উদ্যত করি একে
প্রতিটি অঙ্গে ইনসাফের নিশান আমাদের চিনিয়েছে
হক ও বাতিলের মুখ
ন্যায়ের প্রতিটি পদক্ষেপ আমাদের
দেখিয়েছে হালাল হারামের ভেদ
আমরা পবিত্র রিজিক প্রত্যাশী অনন্তের যাত্রী
আমাদের সমগ্র সাফল্য এবং দুর্বিনীত কামনা
মৃত্যু পেরিয়ে এক অনন্ত জীবনের দিকে!
পৃথিবীর কোনো রঙ্গমঞ্চের নাটক আমাদের বিভ্রান্ত করার নয়
আমরা সত্যের চেয়ে আর কিছুকেই সুন্দর বলে গণ্য করি না!
বিপ্লব বিদ্রোহ আমাদের কেবলই নতুন সম্ভাবনা
রাত ছিঁড়ে আমরা তুলে আনি নব-সূর্যের দিন
আমাদের মন এখন বিপ্লবের নদী
আমরা বয়ে যাই প্রতিটি মানুষের বুকের ভেতর
আমাদের নিশ্বাস এখন বিপ্লবের হাওয়া
আমরা প্রতিটি মানুষের প্রশান্তির শ্বাস
আমাদের দৃষ্টি এখন বিপ্লবের ক্ষুরধার জ্যোতি
আমরা এখন প্রতিটি মানুষের চোখের আরাম
মাফিয়া ও স্বৈরতন্ত্রের জাল ছিন্নভিন্ন করে
আমরা গণতন্ত্রের মানচিত্র বিছিয়ে লিখে দেবো-
একটি নতুন বাংলাদেশ।